মিশরীয় বিমান ছিনতাই: ছিনতাইকারীর আত্মসমর্পণে সঙ্কটের অবসান
‘বোমার’ ভয় দেখিয়ে মিশরীয় উড়োজাহাজ ছিনতাইয়ের ছয় ঘণ্টা পর সাইপ্রাসের এক বিমানবন্দরে জিম্মি সঙ্কটের অবসান ঘটেছে ছিনতাইকারীর আত্মসমর্পণের মধ্য দিয়ে।
ক্রু ও যাত্রী মিলিয়ে ইজিপ্টএয়ারের এয়ারবাস এ৩২০ মডেলের ওই উড়োজাহাজের ৮১ আরোহীর সবাই মুক্তি পেয়েছেন অক্ষত অবস্থায়।
ছিনতাইকারীর কোমরে বাধা বিস্ফোরক বেল্টটি ‘ভুয়া’ ছিল বলে সাইপ্রাসের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ইজিপ্টএয়ার কর্তৃপক্ষ।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় আলেকজান্দ্রিয়া থেকে রওনা হয়ে কায়রো যাওয়ার পথে ছিনতাই হয় উড়োজাহাজটি।
ছিনতাইকারী এমএস ১৮১ ফ্লাইটটিকে সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর লারনাকার বিমানবন্দরে নামতে বাধ্য করে।
সাইপ্রাসের লারনাকা বিমানবন্দর থেকে ইজিপ্টএয়ারের উড়োজাহাজ ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
ওই সময় বিমানের পাইলট ওমর আল-জামালের বরাত দিয়ে মিশরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছিল, যাত্রীদের মধ্যে থেকেই একজন উঠে এসে বিস্ফোরক বেল্ট দেখিয়ে হুমকি দেয় এবং লারনাকায় নামতে বাধ্য করে।
বিমানের ৮১ আরোহীর মধ্যে ২১ জন বিদেশি এবং ১৫ জন ক্রু বলেও জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
ছিনতাইকারীর বিমান ছিনতাইয়ের কারণ নিয়ে গণমাধ্যমগুলোতে নানা ধরণের কথা বলা হয়।
সাইপ্রাসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে শুরুতে বলা হয়, ছিনতাইকারী মিশরে আটক কয়েকজন নারী কয়েদীর মুক্তি চাইছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথাও বলা হয়েছিল, ছিনতাইকারী তার সাবেক স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছেন, যিনি সাইপ্রাসে থাকেন।
সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে ইজিপ্টএয়ারের ছিনতাই হওয়া উড়োজাহাজ থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন কয়েকজন আরোহী । ছবি: রয়টার্স
এক পর্যায়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনার পর পাইলট, কো পাইলট, তিন কেবিন ক্রু ও তিন বিদেশি যাত্রীকে রেখে ছিনতাইকারী বাকিদের তিন দফায় ছেড়ে দেয় বলে ইজিপ্টএয়ার কর্তৃপক্ষ জানায়।
স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ওই উড়োজাহাজ থেকে সিঁড়ি দিয়ে যাত্রীদের নেমে একটি বাসে উঠতে দেখা যায়। ওই সময় এক ব্যক্তিকে ককপিটের জানালা দিয়ে নেমে দৌড়ে যেতেও দেখা যায়।
এর কিছু সময় পর ছিনতাইকারীর আত্মসমর্পণের খবর পাওয়া যায়।
সাইপ্রাসের টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, দুই হাত উপরে তুলে উড়োজাহাজ থেকে বেরিয়ে আসছেন ছিনতাইকারী।
এর পরপরই সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে বলেন, “ছিনতাই সঙ্কটের অবসান ঘটেছে।”
এরপর সাংবাদিকদের মিশরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল বলেন, ছিনতাইকারী একজন মিশরীয়। তবে তার বিমান ছিনতাইয়ের কারণ স্পষ্ট নয়।
তিনি বলেন, “কখনও সে ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। আবার কখনও সে অন্য বিমানবন্দরে উড়োজাহাজটি উড়িয়ে নেওয়ার দাবি জানিয়েছে। সে আসলে সুনির্দিষ্ট করে কিছু বলেনি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।”
সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে ইজিপ্টএয়ারের ছিনতাই হওয়া উড়োজাহাজটির ককপিটের জানালা বেয়ে এক ব্যক্তি পালিয়ে যাচ্ছেন। ছবি: রয়টার্স
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ছবিতে দেখা যায়, বিমানে চশমা পরা মাঝ বয়সী এক ব্যক্তি, যার কোমরে সাদা রঙয়ের বেল্ট বাঁধা। বেল্টের পকেট ফুলে আছে এবং নীল রঙয়ের তার বেরিয়ে আছে।
টেলিভিশন চ্যানেলগুলোতে প্রকাশিত ভিডিও ফুটেজে ছিনতাইকারীকে সেইফ আলদিন মুস্তফা (৫৯) বর্ণনা করা হয়। ফুটেজে দেখা যায়, আলেকজান্দ্রিয়ার বর্গ আল-আরব বিমানবন্দরে নিরাপত্তাকর্মীরা তাকে মেটাল ডিক্টেটর দিয়ে তল্লাশি করছে।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইন স্কুল থেকে বরখাস্ত হওয়া মু্স্তফা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগও রয়েছে।
এ ঘটনা মিশেরের পর্যটন শিল্পের জন্য আরো একটি বড় আঘাত।
গত বছর অক্টোবরে মিশরের সিনাই উপদ্বীপ থেকে রওয়ানা হওয়া একটি রুশ বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবাই মারা যায়। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে।
সর্বশেষ এই ঘটনা দেশটির বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
