২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুমতাজ কাদরির সমর্থনে ইসলামাবাদে বিক্ষোভ

পাকিস্তানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া খুনী মুমতাজ কাদরির সমর্থনে ইসলামাবাদে দেশটির পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছে হাজারো মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 03:25 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

বিবিসি বলছে, কাদরির সমর্থনে একটি সমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়ে যাওয়ার একদিন পরই পার্লামেন্টের বাইরে এই সমাবেশ হচ্ছে।

২০১১ সালে দেশটির কঠোর ধর্মাবমাননা আইনের সংস্কার চাওয়া রাজনীতিবিদ তৎকালীন পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরকে হত্যা করেন তারই দেহরক্ষী মুমতাজ কাদরি।

বিচারে মুমতাজ কাদরির মৃত্যুদণ্ড হয় এবং গেল মাসে ফাঁসিতে তার দণ্ড কার্যকর করা হয়।

রোববার কাদরির সমর্থনে একটি বিক্ষোভ মিছিল পুলিশ কাঁদুনে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে।

বিক্ষোভকারীরা রাস্তায় বিভিন্ন জিনিসপত্র ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়।

সালমান তাসিরের খুনী মুমতাজ কাদরিকে তার সমর্থকেরা ‘বীর’ বলে মনে করে এবং তিনি ‘শহীদ’ হয়েছেন বলে দাবি করে থাকে।

সমালোচকেরা বলেন, পাকিস্তানের ধর্মাবমাননা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। অনেক ক্ষেত্রেই এই আইন দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অন্যায়ভাবে প্রয়োগ করা হয়।

কাদরির সমর্থনে হওয়া এই বিক্ষোভ-সমাবেশ স্থানীয় গণমাধ্যমে তেমন গুরুত্ব পায়নি।

এসব সংবাদ পরিবেশনে অস্থিরতার সৃষ্টি হতে পারে বিবেচনায় গণমাধ্যমকে সতর্কতার সঙ্গে তা পরিবেশন করার ব্যাপারে কর্তৃপক্ষের চাপ রয়েছে।