ব্রাসেলস হামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ
তিন ব্যক্তির বিরুদ্ধে ব্রাসেলসে বোমা হামলায় সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, জঙ্গিদের জাল কাগজপত্র সরবরাহ করেছে সন্দেহে এক আলজেরিয়কে আটক করেছে ইতালি পুলিশ।
২২ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩১ নিহত এবং ২৭০ জন আহত হয়েছে।
হামলার সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করতে বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স ও ইতালিসহ আরও কয়েকটি দেশে তদন্ত চলছে।
শুক্রবার পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়। শনিবার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়।
বেলজিয়ামের প্রসিকিউটরের কার্যালয় থেকে ওই তিনজনের মধ্যে প্রথমে ফয়সাল সি এর নাম প্রকাশ করা হয়। স্থানীয় গণমাধ্যমগুলোতে তাকে ফয়সাল শেফু বলে জানানো হয় এবং বলা হয় ইয়াবেনতেম বিমানবন্দরের বহির্গমন এলাকায় বিস্ফোরণের আগে সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন দুই আত্মঘাতী হামলাকারীর সঙ্গে হ্যাট পরা তৃতীয় যে ব্যক্তিকে দেখা যায় সেই ফেয়সাল শেফু।
শেফুর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং সন্ত্রাসের মাধ্যমে হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
ব্রাসেলসের মেয়র ইভান মায়েউর স্থানীয় একটি পত্রিকাকে বলেন, নিজেকে ফ্রিল্যান্স সাংবাদিক দাবি করা শেফু একজন ‘বিপজ্জনক’ ব্যক্তি। শরণার্থীদের জঙ্গি সংগঠনে যোগ দিতে উৎসাহিত করার অভিযোগে তাকে বেশ কয়েকবার আটক করা হয়।
অভিযুক্ত অন্য দুইজন হলেন, আবুবকর এ এবং রাবাহ এন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং জঙ্গি সংগঠনের সদস্য হওয়ার অভিযোগ আনা হয়েছে।
ব্রাসেলসে হামলার দুই দিনের মাথায় ফ্রান্স পুলিশ একটি ‘হামলা পরিকল্পনা বানচাল’ করে দেওয়ার দাবি করে। ফ্রান্সে বানচাল হওয়া হামলা পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবাহ এন কে খোঁজা হচ্ছিল।
ওদিকে, ইতালিতে আটক আলজেরিয় নাগরিকের নাম জামাল উদ্দিন ওয়ালি (৪০)।
ইতালির গণমাধ্যমগুলো জানায়, শনিবার ইতালির দক্ষিণাঞ্চল থেকে সন্ত্রাসদমন পুলিশ তাকে গ্রেপ্তার করে। শরণার্থীদের জন্য জাল কাগজপত্র তৈরি করা এবং তাদের সেগুলো ক্রয়ে প্ররোচিত করার অভিযোগে বেলজিয়াম থেকে তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গত অক্টোবরে ব্রাসেলসের কাছে একটি অ্যাপার্টমেন্টে তল্লাশি অভিযানে জব্দ করা কাগজপত্রে জামালের নাম পাওয়া যায়। ওই সময় বেশ কয়েকজন জঙ্গির ছবিও উদ্ধার করা হয়, যারা নভেম্বরে প্যারিস এবং ব্রাসেলস হামলার সঙ্গে জড়িত।
রোববার ইয়াবেনতেম বিমানবন্দরের টার্মিনাল ভবনের তদন্ত কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
জোড়া বিস্ফোরণের ধাক্কায় ভবনটির বহির্গমন অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনটি অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে প্রাথমিক পর্যবেক্ষক দল। শনিবার তাদের মূল ভবনটি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছিল।
তবে তদন্ত কাজ শেষ হলেও মঙ্গলবারের আগে বিমানবন্দরটি যাত্রী চলাচলের জন্য খোলা হবে না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
