২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাসেলসে হামলা: গ্রেপ্তার একজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ

ব্রাসেলসে আত্মঘাতী হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার এক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 08:38 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

ওই ব্যক্তির নাম ফয়সাল সি। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাসেলস প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়, ফয়সাল সি’র বিরুদ্ধে ‘সন্ত্রাসী সংগঠনের বিভিন্ন অপরাধমূলক কাছে অংশ নেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে হত্য এবং হত্যা চেষ্টার’ অভিযোগ আনা হয়েছে। 

২২ মার্চ ব্রাসেলসের ইয়াবেনতেম আন্তর্জাতিক বিমানবন্দর  ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ের নিকটবর্তী মালবিক মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত এবং ২৭০ জন আহত হয়।

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলাগুলোর দায় স্বীকার করেছে।

ব্রাসেলসে প্রসিকিউটর কার্যালয়ের বাইরে থেকে বৃহস্পতিবার ফয়সাল সি কে আটক করা হয়। তবে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলেও প্রসিকিউটর কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়।

স্থানীয় কয়েকটি গণমাধ্যম ফয়সাল সি কে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে ধরা পড়া দুই আত্মঘাতী হামলাকারীর সঙ্গে থাকা তৃতীয় ব্যক্তি বলে খবর প্রকাশ করেছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, সিসিটিভি ফুটেজে ধরা পড়া তৃতীয় ব্যক্তির নাম ফয়সাল শেফু, ‍যিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক।

মঙ্গলবারের ওই হামলার পর বেলজিয়াম জুড়ে সাঁড়াশি অভিযান চালায় দেশটির নিরাপত্তাবাহিনী।

উত্তরের শহর স্কায়েরবিক, পশ্চিমের শহর জেটে এবং ব্রাসেলসের কেন্দ্রস্থল থেকে বৃহস্পতিবার ছয়জন এবং শুক্রবার আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া জার্মানি থেকে দুইজন এবং ফ্রান্স থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।