২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার ইউরোপ ভ্রমণে ‘সম্ভাব্য ঝুঁকির’ ব্যাপারে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে। ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে আগামী তিনমাসের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 07:32 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

গত মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে হামলায় সরকারি হিসাবে মোট ৩১ জন নিহত এবং ২৬০ জন আহত হয়। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।

এর একদিন পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ দেশের নাগরিকদের উদ্দেশে ভ্রমণ-সতর্কতা জারি করে বলেছে, “সন্ত্রাসী গোষ্ঠীগুলো অহরহই ইউরোপজুড়ে হামলার পরিকল্পনা করে যাচ্ছে। খেলার স্থান, পর্যটন এলাকা, রেস্তোঁরা এবং পরিবহন তাদের হামলার লক্ষ্য হচ্ছে। এই ভ্রমণ সতর্কতা ২০১৬ সালের ২০ জুন পর্যন্ত জারি থাকবে।”

গণপরিবহনে ভ্রমণকালে কিংবা জনসমাগম এলাকাগুলোতে যাওয়ার ব্যপারে মার্কিন নাগরিকদেরকে সজাগ থাকারও পরামর্শ দিয়েছে পররাষ্ট্রদপ্তর।

এক বিবৃতিতে বলা হয়েছে, “আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকুন এবং জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন। ধর্মীয় ছুটির দিন কিংবা উৎসব ও পালা-পার্বনের দিনগুলোতে বিশেষভাবে সতর্ক থাকুন।”

ইউরোপে সন্ত্রাসী হামলার কারণে সেখানে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে যাওয়ার ব্যাপারে মার্কিন পর্যটকরা এরই মধ্যেই চিন্তিত হয়ে পড়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আমেরিকান ফক্স নিউজ টিভি।

ভ্রমণ বিষয়ক ফার্ম থমাস কুক মঙ্গলবার জানিয়েছে, গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য বুকিং এ বছর গত বছরের এই সময়ের তুলনায় অনেকটা কমে এসেছে।