২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মাহাথিরের মামলা

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Mar 2016, 09:10 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বুধবার রাজধানী কুয়ালালামপুরের হাইকোর্টে এ মামলা করেন তিনি। তার সঙ্গে অভিযোগ দায়ের করেন তার আরও দুই সহযোগী ‘ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন’ (ইউএনএমও) এর সাবেক দুই সদস্য। নাজিব বর্তমানে ইউএনএমওর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নাজিবকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় এটিই মাহাথিরের সর্বসাম্প্রতিক পদক্ষেপ।

মালয়েশিয়া সরকারের উন্নয়ন প্রতিষ্ঠান ‘ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহ্যাড’ (ওয়ানএমডিবি) কেলেংকারিতে গত বছর থেকেই সমালোচনায় পড়েছেন নাজিব রাজাক।

গত বছর নাজিবের বিরুদ্ধে ঋণে জর্জরিত ওয়ানএমডিবি তহবিল নয়ছয় করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে। একইসঙ্গে ব্যক্তিগত ব্যাংক একাউন্টে জমা পড়া প্রায় ৬৮ কোটি মার্কিন ডলারের উৎস নিয়ে কোনও সদুত্তর দিতে না পারায় দেশে ও দেশের বাইরে নাজিবের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

তবে নাজিব তার বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন এবং বলেছেন, ব্যক্তিগত কোনো কারণে তিনি ওয়ানএমডিবি-র অর্থ ব্যবহার করেননি।

নাজিবের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে জমা হওয়া ৬৮ কোটি ১০ লাখ ডলার সৌদি রাজপরিবারের উপহার ছিল বলেও  তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের ল ফার্মের বিবৃতিতে বলা হয়েছে, নিজের দুর্নীতি ঢাকতে নাজিব নানাভাবে তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব করছেন।

মালয়েশিয়ায় কোনো মামলা করার পর আদালত তা আমলে নিতে কয়েক মাস সময় লেগে যাওয়ায়  নাজিবের বিরুদ্ধে  মাহাথিরের করা মামলার প্রভাব তাক্ষৎণিকভাবে দেখা যাওয়ার সম্ভাবনা কম।

মাহাথিরের আইনজীবী হানিফ খাতরি রয়টার্সকে বলেন, “আদালতে মামলাটি উঠতে তিন মাসের মত সময় লাগবে।”

“আমরা খালি হাতে ফিরব না। আমাদের হাতে তথ্য আছে, সাক্ষী আছে। আমরা এই মামলার ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী।”

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা এ বিষয়ে খুব একটা আশাবাদী নন।

মেরডেকা সেন্টারের পরিচালক ইব্রাহিম সুফিয়ান বলেন, “আইনি দিক দিয়ে (এই মামলার) সত্যিকারের প্রভাব খুবই সীমিত। কারণ এই মামলা নিষ্পত্তি হতে অনেক সময় লাগবে। এটি হবে দীর্ঘ সময়ের  লড়াই।”