২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাসেলসে আত্মঘাতী জঙ্গিরা দুই ভাই

ব্রাসেলসের বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে আত্মঘাতী  হামলা চালিয়েছে যে দুই জঙ্গি, তারা দুই ভাই। তাদের নাম খালিদ এল-বাকরাউয়ি এবং ইব্রাহিম এল-বাকরাউয়ি। দুইজনই বেলজিয়ামের নাগরিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 05:00 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বেলজিয়ামের ফেডারেল কৌঁসুলি ফ্রেডেরিক ভ্যান লিউয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইব্রাহিম ইয়াবেনতেম বিমানবন্দরে হামলা চালায়। আর তার ভাই খালিদ হামলা চালায় মেট্রো স্টেশনে।

ইব্রাহিম কম্পিউটারে একটি উইলও রেখে গেছেন বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কৌঁসুলি লিউ। তিনি বলেন, বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালানো দ্বিতীয় আরেকজনকে চিহ্নিত করা যায়নি এবং বিস্ফোরণের আগে বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়া তৃতীয় আরেকজন এখনও ধরা পড়েনি।

বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তৃতীয় ওই সন্দেহভাজনকে এখনও খুঁজছে পুলিশ। তার নাম নাজিম লাছরাউয়ি বলে ধারণা করা হচ্ছে।

গতবছর নভেম্বরে প্যারিসে হামলায় জড়িত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে হামলাকারীদের সরাসরি যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে বেলজিয়ান গণমাধ্যম।

পুলিশ ব্রাসেলসের অ্যান্ডারলেশ্ট এলাকা থেকে বুধবার  এক ব্যক্তিকে গ্রেফতার করে । বেলজিয়ামের সংবাদমাধ্যম প্রথমে জানায়, সে-ই তৃতীয় জঙ্গি লাছরাউয়ি। তবে পরে জানানো হয়, লাছরাউয়ি ধরা পড়েনি। আটককৃত ব্যক্তির কোনও পরিচয়ও গণমাধ্যমে জানানো হয়নি।

মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে হামলায় সরকারি হিসাবে মোট ৩১ জন নিহত এবং ২৬০ জন আহত হয়। মেট্রো স্টেশনে হামলায় নিহত অনেকেরই দেহ উড়ে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে এ ধরনের আরও হামলা চালানোর হুমকি দিয়েছে।

সম্প্রচারমাধ্যম আরটিবিএফ এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাসেলস বিমানবন্দরে সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে ট্রলি ঠেলতে দেখা যাওয়ার পরই বাকরাউইর নামে বিস্ফোরণ ঘটেছে। আর তার ভাই খালিদ বোমা হামলা চালিয়েছে মেট্রো স্টেশনে।

বেলজিয়ামে এখন নিহতদের স্মরণে তিনদিনের জাতীয় শোক চলছে। দিনের মধ্যভাগে নিহতদের স্মরণে পালিত হয়েছে এক মিনিট নীরবতা।

বিশ্লেষকরা বলছেন, লাছরাউয়ি একজন বোমা প্রস্তুতকারক বলে ধারণা করা হচ্ছে। প্যারিসে গত নভেম্বরের সন্ত্রাসী হামলায়ও লাছরাউয়ির বড় ধরনের ভূমিকা ছিল বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।

প্যারিসে হামলায় জড়িত সন্দেহে লাছরাউয়ির নাম রয়েছে ওয়ান্টেড তালিকায়। তাছাড়া, সব সন্ত্রাসী হামলায় ব্যবহৃত বিস্ফোরক বেল্ট এমনকি ব্রাসেলসে প্যারিস হামলার হোতা আব্দেস্লামের গোপন আস্তানায়ও পাওয়া গেছে লাছরাউয়ির ডিএনএ।

আত্মঘাতী হামলা চালানো দুই ভাইকেও ডিএনএ পরীক্ষা চালিয়ে সনাক্ত করেছে পুলিশ। দুই ভাই সম্পর্কে পুলিশের কাছে অপরাধের রেকর্ড থাকলেও সন্ত্রাসী তৎপরতার রেকর্ড ছিল না। খালিদ ভুয়া নামে বেলজিয়ামের ফরেস্ট এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। যে বাড়িটিতে পুলিশ গত সপ্তাহে অভিযান চালিয়ে এক বন্দুকধারীকে হত্যা করেছে।

বিবিসি জানায়, মঙ্গলবার ব্রাসেলসের উত্তরাঞ্চলে একটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে পুলিশ আরেকটি বোমা, ইসলামিক স্টেটের পতাকা এবং বোমা তৈরির রাসায়নিক উদ্ধার করেছে।

স্থানীয় গণামাধ্যম বলেছে, কর্তৃপক্ষ একটি ট্যাক্সি ড্রাইভারকে অনুসরণ করে এ অভিযান চালিয়েছে। ওই ট্যাক্সি চালক বোমা হামলাকারীদের বিমানবন্দরে পৌঁছে দিয়েছে বলে পুলিশের ধারণা।

বিমানবন্দরে বিস্ফোরণের পর একটি অবিস্ফোরিত বোমা পাওয়া যায় এবং হালকা রঙের জ্যাকেট পরা একজনকেও দেখা যায়। ওই ব্যক্তিই লাছরাউয়ি বলে ধারণা করা হচ্ছে। তাকে বিস্ফোরণের পরই টার্মিনাল থেকে দৌড়ে পালাতে দেখা যায়।