২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুলে আত্মঘাতী হামলাকারী আইএস সদস্য

ইসলামিক স্টেটের (আইএস) এক তুর্কি সদস্য ইস্তাম্বুলে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Mar 2016, 08:45 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা বলেন, আত্মঘাতী হামলাকারী একজন পুরুষ। সে তুরস্কের দক্ষিণের প্রদেশ গাজিয়ানতেপে জন্মগ্রহণ করেছে।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে আলা বলেন, “১৯৯২ সালে গাজিয়ানতেপে জন্মগ্রহণ করা মেহমেত ওজতুর্ক শনিবার ইস্তাম্বুলে ওই ঘৃণ্য হামলা চালিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা প্রমাণ পেয়েছি যে, সে দায়েশের (আইএস)  সদস্য ছিল।”

বোমা হামলা পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে আটক  করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার ইস্তাম্বুলের একটি জনাকীর্ণ বাজারে আত্মঘাতী হামলায় ইসরায়েলের তিনজন এবং ইরানের এক নাগরিকের মৃত্যু হয়। হামলায়  আরও ৩৬ জন আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবারের ওই হামলার পর দেশজুড়ে উচ্চ সতর্ক অবস্থায় পুলিশ। নওরোজ উৎসব উপলক্ষ্যেও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।