২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস ‘গণহত্যা’ করেছে: কেরি

ইসলামিক স্টেট (আইএস) ইয়াজিদি, খ্রিস্টান এবং শিয়া মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে  বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 10:37 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

তিনি বলেন, “বাস্তব ব্যাপারটা হচ্ছে, দায়েশ (ইসলামিক স্টেট) খ্রিস্টানদেরকে হত্যা করে কারণ তারা খ্রিস্টান। ইয়াজিদিদেরকে হত্যা করে কারণ তারা ইয়াজিদি। শিয়াদেরকে হত্যা করে কারণ তারা শিয়া।”

সিরিয়া এবং ইরাকের বিভিন্ন এলাকায় আইএস মানবতা বিরোধী অপরাধ করছে এবং জাতিশুদ্ধি অভিযান চালাচ্ছে বলে অভিযোগও করেছেন কেরি।

তিনি বলেন, “এ সমস্ত অপরাধের কথা উল্লেখ করা গুরুত্বপূর্ণ। কিন্তু সবচে অপরিহার্য বিষয় হচ্ছে তাদেরকে থামানো।”

আইএস এলাকাগুলোতে প্রবেশ অবাধ না হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের নৃশংসতার পুরো চিত্র পায়নি বলে স্বীকার করেন কেরি।

ফলে আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুরো সত্যটা অবশ্যই উদঘাটনের চেষ্টা করা উচিত বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র আইএস এর নৃশংসতার প্রমাণ জোগাড়ের চেষ্টায় জোরাল সমর্থন দেবে এবং দায়ীদের বিচারের আওতায় আনবে বলেও জানান তিনি।