নিখোঁজ জাপানি সাংবাদিকের ভিডিও প্রকাশ আল কায়েদার
সিরিয়ায় প্রায় নয় মাস আগেএক জাপানি সাংবাদিক অপহরণের খবর জাপান সরকার ভুয়া বলে উড়িয়ে দিলেও এবার তার ভিডিও প্রকাশ করেছে আল কায়েদা।
বুধবার জুমপে ইয়াশুদা নামক ফ্রিল্যান্স সাংবাদিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি প্রকাশের পর নড়চড়ে বসেছে সরকার। ক্ষোভ জানিয়েছে সাংবাদিকরা।
গত বছর জুলাইয়ের প্রথম দিকে আল কায়েদা নিয়ন্ত্রিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী নুসরা ফ্রন্ট জুমপে ইয়াশিদাকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে অর্থও দাবি করেছিল বলে জানিয়েছিল সাংবাদিকদের মানবাধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন 'রিপোর্টাস উইদাউট বর্ডার্স' (আরএসএফ)।
আরএসএফ এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অপহৃত সাংবাদিক জুমপে ইয়াশিদা গত বছর ফেব্রুয়ারিতে ইসলামিক স্টেটের (আইএস) হাতে নিহত জাপানি সাংবাদিক কেনেজি গোতোর ঘনিষ্ঠ বন্ধু। আর গোতো হত্যার রহস্য উদঘাটনের উদ্দেশ্যে ইয়াশিদা তুরস্ক থেকে সিরিয়ায় পাড়ি জমান।
আরএসএফ এর ওই সংবাদের পর সরকার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়। পরবর্তীতে আরএসএফও তাদের একটি খবরে তথ্যগত ত্রুটির জন্য সংবাদটি তাদের ওয়েবসাইটের পাতা থেকে সরিয়ে নেয়।
বুধবার ফেইসবুক ও টুইটারে সাংবাদিক জুমপে ইয়াশিদার ভিডিও ছড়িয়ে পড়ায় নতুন করে বিতর্ক দেখা দেয়।
সত্তর সেকেণ্ডের ওই ভিডিওটিতে কালো জ্যাকেট ও চেক শার্ট পরা জুমপে ইয়াশিদাকে একটি টেবিলের সামনে বসে বলতে শোনা যায়, হ্যালো আমার নাম জুমপে ইয়াশিদা। আমার জন্ম তারিখ মার্চ ১৬। আমাকে খোলসাভাবে কথা বলতে বলা হয়েছে।
আমি আমার স্ত্রী, বাবা, মা ও ভাইকে ভালবাসি। তাদেরকে জড়িয়ে ধরতে চাই, কিন্তু তা করতে দেওয়া হচ্ছে না।
জাপানিদের মতো ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলার সময় তার সামনের টেবিলে অনেকগুলো কাগজ ছড়িয়ে ছিটিয়ে ছিল। মাঝে মধ্যে সে একটি লিখিত কাগজের দিকে তাকাচ্ছিল।
সরকারকে বলেছিলাম আমাকে মুক্ত করুন, কিন্তু তাদের কোন সাড়া পায়নি। আমি খুব কষ্টে আছি। এখন এরা (আল-কায়েদার অনুসারী নুসরা ফ্রন্ট) বলছে, তুমি এখন মৃত, তোমার দেশ তোমার জন্য কিছু করবে না।
ভিডিওটি’র সত্যতা নিশ্চিত করেছে রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে ও কিয়োডো নিউজ। তারা ভিডিও পোস্টকারী ওই সিরিয়ান ব্যক্তির সাথে যোগাযোগ করেছে বলে সংবাদ মাধ্যম দুইটি দাবি করেছে।
সায়তামা প্রদেশে জন্ম নেয়া জুমপে ইয়াশিদা স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করতেন। এই ভিডিও প্রকাশের পর বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা টোকিওয় সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ভিডিওটি বিশ্লেষণ চলছে। আমরা আমাদের সব কৌশল অনুসরণ করছি।
ওদিকে, জাপানের মুখ্যমন্ত্রী পরিষদ সচিব ইয়াশিদা সুগা টোকিওয় সাংবাদিকদের বলেছেন, “ভিডিওতে প্রকাশিত ওই ব্যক্তিই জুমপে ইয়াশিদা বলে আমরা মনে করছি। প্রধানমন্ত্রী শিনজো আবে এই ফ্রিল্যান্স সাংবাদিককে ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চালিয়ে যেতে বলেছেন। ”
প্রধানমন্ত্রীর নির্দেশমতো ইতোমধ্যে দেশীয় গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জুমপে ইয়াশিদার তথ্য সংগ্রহ শুরু করেছে।
এর আগে গত বছর ‘রিপোর্টাস উইদাউট বর্ডার্স’ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল , আল-কায়েদার শাখা সংগঠন আল-নুসরা নামক জঙ্গি সংগঠন নিয়ন্ত্রিত এলাকায় তাকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অপরহণ করে নিয়ে যায়। তারা এখন তার মুক্তিপণের জন্য সময় গণনা শুরু করেছে। নিদিষ্ট সময়ে অর্থ না দিলে ওই সংগঠন অন্য আরেকটি জঙ্গি সংগঠনের হাতে জুমপে ইয়াশিদাকে তুলে দেবে বলে আরএসএফ এর কাছে তথ্য আছে।
জাপানের এই ফ্রিল্যান্স সাংবাদিক অপহরণের ঘটনায় দেশটির সাংবাদিকদের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
