সেনা প্রত্যাহারেও সিরিয়ায় চলবে রুশ বিমান হামলা
বেশিরভাগ সেনা প্রত্যাহার করে নিলেও সিরিয়ায় বিমান হামলা অব্যাহত রাখবে রাশিয়া। দেশটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই প্যানকভ বলেন, সন্ত্রাসবাদ পরাজিত হয়েছে এমন কথা বলার সময় এখনও আসেনি। বিশেষ করে এমন একটি অভিযানের পর যেটি সিরিয়া সরকারের সমর্থনে করা হয়েছে।
গত বছর সেপ্টেম্বর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সেখানে বিমান হামলা শুরু করে রাশিয়া।
সোমবার হুট করেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া থেকে বেশিরভাগ রুশ সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। মঙ্গলবার থেকে রুশ সেনারা সিরিয়া ছাড়তে শুরুও করেছে।
পুতিনের এ ঘোষণাকে জাতিসংঘ ও পশ্চিমা কর্মকর্তারা স্বাগত জানিয়েছে।
তবে রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ায় অবস্থান করবে বলেই জানিয়েছেন প্যানকভ।
রিয়া বার্তা সংস্থাকে তিনি বলেন, “বেশ কিছু ইতিবাচক ফলাফল পাওয়া গেছে… যদিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়লাভ করা নিয়ে আলোচনার সময় এখনো আসেনি। রাশিয়ার বিমান বাহিনীর একটি অংশ সিরিয়ায় থেকে যাবে এবং সন্ত্রাসীদের অবস্থানগুলোতে বোমা হামলা চালিয়ে যাবে।”
