২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩/১১ স্মরণ করল জাপান

পাঁচ বছর আগে ১১ মার্চের যে সময়টিতে (২ টা ৪৬ মিনিট) সুনামি আঘাত হেনেছিল ঠিক সেই সময়টিকে নীরবতা পালনের মাধ্যমে স্মরণ করেছে জাপান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 04:33 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

সুনামির ধ্বংসযজ্ঞে নিহতদের প্রতি সমবেদনা জানাতে রাষ্ট্রীয় এ শোক সভায় জড়ো হয় ১২ শ’ জাপানি।

শুক্রবার দুপুর ২ টা ৪৬ মিনিটে রাজধানী টোকিওতে স্থাপিত স্মৃতি সৌধে প্রধানমন্ত্রী শিনজো আবের আহ্বানে সুনামিতে পরিজন হারানো পরিবার ছাড়াও যোগ দেন দেশটির সম্রাট আকিহিতো, সম্রাজ্ঞী মিচিকো, মন্ত্রী পরিষদের সদস্য, সাংসদ ও দেশবরণ্যে ব্যক্তিরা।

২০১১ সালের ১১ মার্চ ৯ মাত্রার ভূমিকম্প আর প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসা পানিতে লণ্ড ভণ্ড হয়ে যায় উত্তর-পূর্ব জাপানের বেশ কয়েকটি প্রদেশ। বিস্ফোরিত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি। নিহত হয় ১৫ হাজার ৮৯৪ জন। এখন পর্যন্ত নিখোঁজ হয়েছে ২ হাজার ৫৬১ জন।

স্মরণকালের বড় ধরনের এই প্রাকৃতিক দূযোর্গকে স্মরণ করতে শুধু রাজধানী টোকিও নয়, দেশটির ক্ষতিগ্রস্ত এলাকা ফুকুশিমা, আইতে, মিয়াগি প্রদেশের মানুষজন ফুল আর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে নিহতদের প্রতি সমবেদনা জানায়। প্রার্থনার চাদরে ঢেকে যায় ধর্মীয় উপসনালয়।

শোকসভায় প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, সরকার ক্ষতিগ্রস্ত এলাকাকে খুব দ্রুত সময়ের মধ্যে সামলে নিতে পেরেছে। ভয়ানক এই প্রাকৃতিক দুর্যোগ কখনও ভোলার নয়।

সুনামি থেকে শিক্ষা নিয়ে সরকার আরও বেশি দুর্যোগ প্রতিরোধে কাজ করছে। স্থাপনাগুলোকে করা হচ্ছে দুর্যোগ প্রতিরোধী।

জাপান সম্রাট আকিহিতো তার বক্তব্যে বলেন, পাঁচ বছর পর এখনও মানুষজন বিপদের মধ্যে সময় পার করছে। অনেকে ক্ষতি সামলে নিতে পারেনি।

কোনও মানুষ পরিপূর্ণ হতে পারে না।সেইসাথে কোন দেশও নয়। প্রাকৃতিক দুর্যোগ মানব সমাজে সবসময় ভোগান্তি এনে দেয়। আর একে মেনে নিয়ে জীবনে চলতে হয়। সুনামিতে যারা নিহত হয়েছে তারা আর ফেরার নয়, কিন্তু তাদের পরিবারকে স্বাভাবিবক জীবনে ফিরিয়ে দিতে সরকার কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পঞ্চম বর্ষের এই স্মরণসভায় নিহতদের পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।