ইরানের আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা, লক্ষ্য ইসরায়েল
ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) ইসরায়েলে আঘাত হানতে সক্ষম আরও দুটো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন হুমকি উপেক্ষা করে ইরান বুধবার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। মঙ্গলবার নিজেদের ক্ষমতা জাহির করতে সামরিক মহড়ার আওতায় কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইরান ফের এ পরীক্ষা চালাল।
রাষ্ট্রীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, মঙ্গলবার ইরানের উত্তরাঞ্চল থেকে দুইটি কদর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে।
ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যুক্তরাষ্ট্র ইরানের কড়া সমালোচনা করে তাদের বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ আচরণের অভিযোগ তোলে।
ইরান ওই অভিযোগ উড়িয়ে দিয়ে বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপের উদাহরণ টেনে বলে, সব দেশেরই আত্মরক্ষার ব্যবস্থা করার অধিকার আছে।
আইআরজিসি’র দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ১৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ আইএসএনএ বার্তা সংস্থাকে বলেন, “নিরাপদ দূরুত্বে থেকে আমরা আমাদের শত্রু ইহুদি রাষ্ট্রের (ইসরায়েল) উপর হামলা চালানোর জন্যই দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানিয়েছি।”
হিব্রুর ‘ইতিহাসের পাতা থেকে ইসরায়েলের নাম মুছে যাওয়া উচিত’ লেখা বাক্য দিয়ে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ এ প্রতিবেদন প্রকাশ করে। তবে প্রতিবেদনে কোনও ছবি ছিল না।
এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মুসা ইয়ালন স্থানীয় বেতারকে বলেন, “জানুয়ারিতে বিশ্বশক্তির সঙ্গে ইরানর পরমাণু চুক্তি কার্যকর হওয়ার পরও ইরানের বৈরিভাবের যে কোনও পরিবর্তন হয়নি, এ পরীক্ষার মাধ্যমে সেটিই প্রমাণ হয়েছে।”
“যদিও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পশ্চিমাদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করছেন। কিন্তু আমার মতে, ইরান সরকারের একটি অংশের মধুর কথায় পশ্চিমা বিশ্বের অনেকে গলে গেছে। অন্যদিকে, ইরান সরকারের অন্য অংশ এখনও জঙ্গিদের জন্য যন্ত্রপাতি ও অস্ত্র তৈরি এবং সরবরাহ অব্যাহত রেখেছে।”
ইরান নতুন করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় যুক্তরাষ্ট্র পুনরায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে উত্থাপন করা হবে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তারা জানান, পরমাণু চুক্তির ২২৩১ অনুচ্ছেদ অনুযায়ী, ইরান পরমাণু অস্ত্র উৎক্ষেপণে সক্ষম কোনও ক্ষেপণাস্ত্রের উন্নতি ঘটাতে পারবে না।
