ক্ষমতা দেখাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
দেশজুড়ে পরীক্ষামূলকভাবে দূর পাল্লার শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে ইরান এ পদক্ষেপ নিয়েছে।
আইআরজিসি’র ওয়েবসাইটে বলা হয়েছে, “ইরানের প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরার লক্ষ্যে এ পরীক্ষা চালানো হয়েছে। এছাড়া, ইসলামি বিপ্লব, শাসনব্যবস্থা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব দিতে ইরানের ক্ষমতাও এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে।”
গত অক্টোবরে ইরান প্রথমবারের মতো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘এমাদ’ এর পরীক্ষা চালানোর পর যুক্তরাষ্ট্র দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত নাগরিক ও কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের দুমাস পর ইরান এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল।
গত জুলাইয়ে ছয়বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির পর ইরান এই পরীক্ষা চালিয়ে নিরাপত্তা পরিষদের ১৯২৯ প্রস্তাবনা লঙ্ঘন করেছে, বলছে জাতিসংঘ।
