২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ-তুরস্ক শরণার্থী পরিকল্পনা নিয়ে উদ্বেগ

শরণার্থী সঙ্কট কমাতে ইইউ ও তুরস্কের নতুন পরিকল্পনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 09:30 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

পরিকল্পনার আওতায় তুরস্ক থেকে গ্রিসে পৌঁছানো সব অভিবাসীকে ফিরিয়ে নেবে আঙ্কারা, ফের নেওয়া হবে সিরীয়দেরকেও। আর তুরস্কে ফেরা প্রতিটি সিরীয়র বিনিময়ে দেশটিতে বৈধভাবে বাস করা একজন করে সিরীয়কে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পুনর্বাসন করা হবে।

কিন্তু জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, বিদেশিদেরকে দলে দলে ফিরিয়ে দেওয়াটা “ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পরিকল্পনাটিকে আশ্রয়প্রার্থীদের অধিকারের ক্ষেত্রে একটি বড় ধাক্কা বলেই মনে করছে।

ব্রাসেলসে সোমবারের সম্মেলনে আলোচিত চুক্তিটি চূড়ান্ত হয়নি এবং ১৭-১৮ মার্চে ইইউ বৈঠকের আগ পর্যন্ত আলোচনা চলবে বলে জানিয়েছে বিবিসি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর থেকে ইউরোপ বর্তমানে সবচেয়ে বড় শরণার্থী সঙ্কটের মুখে পড়েছে। গতবছর ১০ লাখেরও বেশি মানুষ ইইউ’য়ে অবৈধভাবে প্রবেশ করেছে। তারা প্রধানত তুরস্ক থেকে গ্রিসে গেছে। তাদের বেশির ভাগই সিরীয়।

ইইউ প্রধানরা বলছেন, সঙ্কট সামাল দিতে বলিষ্ঠ পদক্ষেপ দরকার।