২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে গুলিতে হতাহত ৩, বন্দুকধারীর আত্মহত্যা    

অস্ট্রেলিয়ার সিডনি শহরের উপকণ্ঠে একটি শিল্প এলাকায় গুলিতে তিনজনকে হতাহত করার পর একটি কারখানায় পুলিশের ঘেরাওয়ের মধ্যে থাকা বন্দুকধারী আত্মহত্যা করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2016, 12:07 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

সোমবার সকালে ওই শিল্প এলাকার একটি ইউনিটে এই বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও অপর দুইজন আহত হন। পরে সশস্ত্র অবস্থায় কারখানাটিতে অবস্থান নেয় সে।

তার মৃত্যুর কিছুক্ষণ আগে কারখানা ভবনটি থেকে তিনজন লোক বের হয়ে আসে। তাদের সে জিম্মি করেছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এর পরপরই ভবনটিতে পুলিশের একটি গাড়ি প্রবেশ করে।

অস্ট্রেলীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে পুলিশের এক মুখপাত্র জানিয়েছিলেন, ঘটনাস্থলে পুলিশের ট্যাকটিক্যাল রেসপন্স টিম ও মধ্যস্থতাকারীরা রয়েছেন এবং তারা কারাখানা ভবনটিতে ঢোকার চেষ্টা করছেন।

বন্দুকধারী কাউকে জিম্মি করেছিলো কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সে স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করছিল বলে গণমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে। 

লিভারপুল হাসপাতালে ভর্তি আহত দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্মীরা।

প্রকাশিত ছবিগুলোতে ভারী অস্ত্রে সজ্জিত পুলিশকে কারখানা ভবনটি ঘিরে রাখতে দেখা গেছে। রাস্তার পাশে ফুটপাতে সাদা শিটে ঢাকা একটি লাশও দেখা গিয়েছিল।

ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পুলিশ বলছে তদন্তকাজে ‘বিঘ্ন’ সৃষ্টি করার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৪-র ডিসেম্বরে এক নিঃসঙ্গ বন্দুকধারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুসারি দাবি করে সিডনির একটি ক্যাফেতে ১৭ জনকে জিম্মি করে রেখেছিল। ১৬ ঘন্টা পর পুলিশের অভিযানে দুই জিম্মি ও বন্দুকধারীর মৃত্যুর মধ্য দিয়ে জিম্মি নাটকের রক্তাক্ত অবসান হয়।