নারী সুরক্ষা আইন ‘অনৈসলামিক’ ঘোষণা পাকিস্তানে
পাকিস্তানের প্রভাবশালী একটি ধর্মীয় পরিষদ দেশটিতে নারীদের সুরক্ষায় করা আইন ‘অনৈসলামিক’ বলে ঘোষণা করেছে।
বুধবার পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশে পাঞ্জাবে নারীদের সুরক্ষায় একটি আইন পাশ হয়।
পারিবারিক সহিংসতা এবং শারীরিক ও যৌন নির্যাতনের হাত থেকে নারীদের সুরক্ষায় করা হয় ওই আইন। পাকিস্তানে যা নজিরবিহীন।
ওই আইনে নারীদের বিরুদ্ধে সহিংসতার খবর দেওয়ার জন্য বিনামূল্যে হট লাইন বিভাগ চালু করা এবং নারীদের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপনের কথাও বলা হয়েছে।
আইনটি প্রস্তাব করার পর রক্ষণশীল ধর্মগুরু ও ধর্মীয় নেতারা এর সমালোচনা করে বলেন, আইনটি মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন এবং পাকিস্তানের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
এক সংবাদ সম্মেলনে ‘দ্য কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি’র প্রধান মুহাম্মদ খান শেরানি বলেন, “পুরো আইনটিই ভুল ও অনৈসলামিক।”
৫৪ বছর আগে প্রতিষ্ঠিত এই কাউন্সিলটি এর আগেও বিভিন্ন বিতর্কিত ঘোষণা দিয়েছে।
যেমন: ধর্ষণ মামলায় প্রাথমিক প্রমাণ হিসেবে ডিএনএ পরীক্ষা করার বিরোধিতা করে এই পরিষদ বলেছিল, কোনো নারীকে ধর্ষণের অভিযোগ করার জন্য প্রমাণ হিসেবে চারজন পুরুষ সাক্ষীকে আদালতে উপস্থাপন করার যে আইন আগে ছিল সেটটিই ঠিক ছিল।
এছাড়া, আট বা নয় বছরের বালিকাদের বিবাহ প্রদাণকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের একটি প্রস্তাবও এই কাউন্সিলের বিরোধিতার কারণে জানুয়ারিতে বাতিল হয়ে যায়।
নতুন আইনে নিপীড়নের তদন্তে জেলা পর্যায়ে প্যানেল গঠন করা হবে এবং অপরাধীকে নজরে রাখতে জিপিএস ব্রেসলেট বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে।
পরিবারিক সহিংসতার ক্ষেত্রে আদালতের আদেশ লঙ্ঘনকারীদের এক বছরের বেশি কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করার ক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ দুই বছরের বেশি হবে।
পাকিস্তানের ধর্মভিত্তিক সবচেয়ে বড় দল জামিয়াত-ই-উলেমা ইসলাম এর প্রধান ফজলুর রেহমান সাংবাদিকদের বলেন,
“এই আইন একজন পুরুষকে নিরাপত্তাহীন করবে। এই আইনের মাধ্যমে আবারও পাকিস্তানকে পশ্চিমা উপনিবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
২০১৩ সালে শুধুমাত্র পাঞ্জাবে নারীদের বিরুদ্ধে সহিংসতার ৫৮০০টি মামলা দায়ের হয়।
