২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মানবাধিকার পরিষদ বয়কট উ. কোরিয়ার

জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে আর অংশ নেবে না বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এ পরিষদ উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 06:59 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিরুদ্ধে দ্বিমুখী নীতি পরিচালনা, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং পিয়ংইয়ংকে সমালোচনার পাত্রে পরিণত করার অভিযোগ করেছেন।

উত্তর কোরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদ বারবারই অভিযোগ করে এসেছে।

২০১৪ সালের জাতিসংঘ প্রতিবেদনে উত্তর কোরিয়ায় হত্যা, ধর্ষণ, গুম, নির্যাতনসহ নানাভাবে নাগরিকদের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়। তবে উত্তর কোরিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও অন্যান্যরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাক্ষ্যের জন্য দেশটির পক্ষত্যাগীদের হাত করে তাদের বয়ান নিয়ে এসব অভিযোগ করছে।

বিবিসি জানায়, উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত কোনও প্রস্তাবনার কাছেই মাথা নত করবে না বলে জানিয়েছে।

মানবাধিকার পরিষদের অধিবেশন বয়কটের মধ্য দিয়ে উত্তর কোরিয়া আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

উত্তর কোরিয়া এরই মধ্যে নতুন করে আরও নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

 কিছুদিন আগেই উত্তর কোরিয়ার চতুর্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং এর পরপরই রকেট উৎক্ষেপণের জবাবে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বুধবারই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কথা আছে।