২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় রুশ সামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন নেটো

সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি আপাতত কার্যকর হচ্ছে বলে মনে হলেও সেখানে রাশিয়ার সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নেটো।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Feb 2016, 09:55 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

সোমবার নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ কুয়েতে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি দেখতে পাচ্ছি। যার পরিপ্রেক্ষিতে বলা যায়, সেখানে বিস্তৃতভাবেই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। কিন্তু একইসঙ্গে আমরা সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘনের কিছু খবরও পেয়েছি।”

“যুদ্ধবিরতি চুক্তি এবং এই চুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই রাজনৈতিকভাবে সিরিয়া সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধানের সবচেয়ে ভাল সম্ভাবনা তৈরি সম্ভব। তবে রাশিয়া সিরিয়ায় পদাতিক বাহিনী পাঠিয়ে, পূর্ব ভূমধ্যসাগরের নৌবাহিনী মোতায়েন করে এবং বিমান বাহিনীর হামলা অব্যাহত রেখে দেশটিতে যেভাবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”

ফ্রান্সও জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নতুন করে হামলার খবর তারা পেয়েছে। এ বিষয়ে ‘সিরিয়া টাস্ক ফোর্স’ কে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে দেশটি।

প্রায় পাঁচ বছর ধরে গৃহযুদ্ধ চলার পর সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে দেশটিতে সাময়িক যুদ্ধবিরতি চলছে।

তবে এই চুক্তি অন্যান্য যুদ্ধবিরতি চুক্তির থেকে খানিকটা আদালা। কারণ, সিরিয়ার বর্তমান সরকার ও বিদ্রোহী দলগুলো চুক্তিতে সরাসরি সাক্ষর করেনি। এছাড়া দেশটিতে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস), আল-কায়দা বা নুসরা ফ্রন্ট এই চুক্তির আওতায় নেই।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার মিত্র রাশিয়া জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলেও তারা জঙ্গিদের উপর হামলা অব্যাহত রাখবে।

আর দেশটির বিদ্রোহীদলগুলোর আশঙ্কা, একথা বলে আসাদ বাহিনী ও রাশিয়া তাদের উপরও হামলা চলাবে।