ভেন্ডিং মেশিনে আটকা পড়েছিল শিশু
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে মেলবোর্নে বেড়াতে আসা চার বছরের এক শিশু ‘জীবনে প্রথম দেখা’ ভেন্ডিং মেশিনে ছয় ঘণ্টা আটকে ছিল।
লিও নামের ওই শিশুটি পরিবারের সঙ্গে মেলবোর্নে বেড়াতে এসে হোটেলের লবিতে ভেন্ডিং মেশিনটি দেখতে পায় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
মেশিন থেকে বিস্কুট বের করতে গেলে লিও’র বাহু মেশিনের ‘চুরি প্রতিরোধক’ যন্ত্রে আটকে যায়। এসময় আতঙ্কিত লিও’র চিৎকার হোটেলের বাইরে রাস্তা থেকেও শোনা যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
উদ্ধারকারী কর্মকর্তারা মেশিনটি খুলতে গ্রাইন্ডার ব্যবহার করেন, ওইসময় শিশুকে শান্ত করতে ওষুধ খাওয়ানো ও মোবাইল ফোন দেখিয়ে ‘অন্যমনষ্ক’ করার চেষ্টা হয়।
উদ্ধার করার পর লিও’র অবস্থা ‘স্থিতিশীল করতে’ তাকে দ্রুত রয়েল চিলড্রেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লিও’র বাবা অ্যারন শর্টহাউস বলেন, তার সন্তানের জন্য এই অভিজ্ঞতা ছিল ‘বেশ কঠিন’।
“আমরা উত্তরাঞ্চলের আর্নহেম ল্যান্ডে থাকি। আমার মনে হয় না, ও এর আগে কোনো ভেন্ডিং মেশিন দেখেছে। সে শুধু ওখানে ওরিও ও অন্যান্য বিস্কুট দেখেছে, দেখেছে আরও কিছু জিনিস।”
৯৭ হাজার বর্গকিলোমিটারের আর্নহেম ল্যান্ডে সব মিলিয়ে মাত্র ১৬ হাজার মানুষ বসবাস করে।
