জাকার্তার সর্ববৃহৎ যৌনপল্লী উচ্ছেদ
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া থেকে যৌনব্যবসা বিলুপ্ত করার উদ্যোগের অংশ হিসেবে দেশটির রাজধানীর সবচেয়ে বড় যৌনপল্লী উচ্ছেদ শুরু করেছে সরকার।
সোমবার সকাল থেকে কালিজোদো নামের যৌনপল্লীটির কয়েকশ ভবন ভাঙতে বুলডোজারগুলো কাজ শুরু করেছে।
দীর্ঘদিন ধরে এখানে কয়েক হাজার যৌনকর্মী বসবাস করতেন। কালিজোদোর উচ্ছেদ শুরু করার মধ্য দিয়ে দেশটিতে এ পর্যন্ত ৭০টি যৌনপল্লী উচ্ছেদ করা হল।
২০১৯ সালের মধ্যে অবশিষ্ট আরো ১০০টি যৌনপল্লী বন্ধ করার পরিকল্পনা আছে সরকারের।
নিষিদ্ধ হলেও দেশটির প্রায় সব বড় শহরেই অবাধে যৌনব্যবসা চলে আসছিল।
কড়া নিরাপত্তার মধ্যে বুলডোজারগুলো কাজ শুরু করেই কালিজোদোর কয়েক ডজন বাড়ি ও যৌন-ব্যবসাকেন্দ্র গুঁড়িয়ে দেয়। এখানে একটি পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।
পশ্চিম জাকার্তার মেয়র আনাস এফেন্দি বলেন, “এলাকাটিকে উন্মুক্ত সবুজ প্রান্তরে পরিণত করার জন্য প্রথমত সব ঘরবাড়ি ভেঙে ফেলতে হবে। শুরুতে এটাই প্রধান কাজ। এটা শেষ হওয়ার পরপরই আমরা পরবর্তী কাজ শুরু করে দেব।”
চলতি মাসের প্রথমদিকে কালিজোদোতে এক মাতাল মোটরসাইকেল চালকের কারণে ঘটা দুর্ঘটনায় চারজন নিহত হন। এ ঘটনার পরপরই জাকার্তার গভর্নর বাসুকি তজাহাজা পুরনামা যৌনপল্লীটি উচ্ছেদের নির্দেশ দেন।
কালিজোদের তিন হাজার বাসিন্দাকে এলাকাটি ছেড়ে যাওয়ার জন্য এক সপ্তাহের নোটিশ দেওয়া হয়। এখানকার কিছু বাসিন্দাকে সরকারি ভর্তুকিতে কিছু অ্যাপার্টমেন্টে পুনর্বাসন করা হয়েছে। উচ্ছেদ হওয়া যৌনকর্মীদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
