২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাজ্যের ইইউ ত্যাগ বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হবে’

যুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করে তবে বিশ্ব অর্থনীতি ‘ঝুঁকির মুখে’ পড়বে বলে সতর্ক করেছেন বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 09:03 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

চীনে জি২০ দেশগুলোর দুই দিনের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে অর্থমন্ত্রীরা নিজেদের এই মত প্রকাশ করেন।

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জর্জ অসবর্ন ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

তিনি বিবিসিকে বলেন, “বিশ্বের বড় বড় দেশগুলোর অর্থনৈতিক নেতারা তাদের সর্বসম্মত রায় জানিয়েছেন। তারা বলেছেন, ইইউ থেকে যুক্তরাজ্যের চলে যাওয়া বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কল্পনা করে দেখুন যদি এটা বিশ্ব অর্থনীতির জন্যই ঝুঁকিপূর্ণ হয় তবে যুক্তরাজ্যের অর্থনীতির জন্য এটা কি পরিণাম বয়ে আনবে।”

“এটা অজানার পথে রোমাঞ্চকর যাত্রা নয়। কারণ এটার সঙ্গে সবার আশা-আকাঙ্খা জড়িত। এটা মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়।”

কিন্তু যুক্তরাজ্যের ইউকেআইপি দলের নেতা নাইজেল ফারাজ বলেন, জি২০ থেকে আসা বক্তব্যে বিস্মিত হওয়ার কিছু নেই।

“শক্তিশালী সরকারগুলো ডেভিড ক্যামেরনকে সমর্থন জানাতে একজোট হয়েছে এটা দেখে আমি একটুও অবাক হইনি।”

“এখানে বড় বড় ব্যাংক, বড় বড় ব্যবসা, বড় সরকার একে অন্যের পেছনে দাঁড়িয়ে একজোট হয়েছে। তবে আমার মনে হয় এটা ভোটারদের প্রভাবিত করতে পারবে না।”

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যাকব লিউ যুক্তরাজ্যের ভোটারদের ইইউ ত্যাগের প্রভাব কি হবে সেটা ‘বিবেচনা করার’ আহ্বান জানিয়েছেন।

তিনি বিবিসিকে বলেন, হোয়াইট হাউজের বিশ্বাস যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য তাদের ইইউতে থেকে যাওয়া দরকার।

ইইউ তে থাকা না থাকা বিষয়ে ২৩ জুন যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হবে।