পারমাণবিক চুক্তির পর ইরানে প্রথম পার্লামেন্ট নির্বাচন
ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর চুক্তি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নাগরিকরা।
২৯০ আসনবিশিষ্ট পার্লামেন্ট বা মজলিসে শূরায়ে ইসলামির নির্বাচনের পাশাপাশি ৮৮ আসনবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনও একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।
এ দুই নির্বাচনে প্রায় পাঁচ কোটি ৫০ লাখ ইরানি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
ইরানের সংসদ এবং বিশেষজ্ঞ পরিষদ উভয়ই বর্তমানে রক্ষণশীলদের নিয়ন্ত্রণে। তবে চলমান নির্বাচনে উভয় ক্ষেত্রে নিজেদের প্রভাব আরও বাড়বে বল আশাবাদী সংস্কারপন্থিরা।
এ নির্বাচনের ফল সংস্কারপন্থি প্রেসিডেন্ট হাসান রুহানির ২০১৭ সালে পুনরায় নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত করবে বলেও ধারণা করা হচ্ছে।
তবে নিজের ভোট দেওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, “ইরানের মর্যাদা, উদারতা এবং গৌরবকে যারাই ভালবাসে তাদের সবারই ভোট দেওয়া উচিত। ইরানের শত্রু আছে এবং তারা আমাদের দিকে লোভী চোখে তাকিয়ে আছে। জনগণের উচিত সবকিছু পর্যবেক্ষণ করা, চোখ-কান খোলা রেখে এবং বুদ্ধি করে ভোট দেওয়া।”
পার্লামেন্ট নির্বাচনে ভোটাররা ২৯০ জন এমপিকে চার বছরের জন্য নির্বাচিত করবেন। এছাড়া আট বছরের জন্য ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পর্ষদ নির্বাচন করা হবে।
এই পর্ষদই হয়ত আয়াতু্ল্লাহ আলি খামেনির উত্তরসুরী নিয়োগ দেবে। ৭৯ বছর বয়সী খামেনি ১৯৮৯ সাল থেকে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা তেমন ভাল নয়।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় (০৪:৩০ জিএমটি) ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলার কথা রয়েছে। তবে ভোটার লাইনে লোক থাকলে বা প্রয়োজন পড়লে বাড়তি সময় ভোট গ্রহণ করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সপ্তাহ শেষে বিশেষজ্ঞ পরিষদের ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশে কিছুটা সময় লাগবে।
