যুদ্ধবিরতির আগে সিরিয়ায় জোর বিমান হামলা রাশিয়ার
সিরিয়ায় সাময়িক যুদ্ধবিরতি হওয়ার কয়েকঘন্টা আগে রাশিয়া বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জঙ্গি বিমান হামলা জোরদার করেছে বলে খবর পাওয়া গেছে।
রাশিয়া বলেছে, তারা সিরিয়ার বিভিন্ন অংশে ‘সন্ত্রাসীদের’ ওপর বোমা হামলা চালাচ্ছে।
এরই মধ্যে প্রায় ১শ’ টি বিদ্রোহী দল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার প্রধান বিরোধী গ্রুপ।
বিবিসি জানায়, দ্য হাই নেগোসিয়েশন কমিটি (এইচএনসি) বলেছে, ফ্রি সিরিয়ান আর্মি এবং সশস্ত্র অন্যান্য আসাদবিরোধী দলগুলো ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হতে চলা যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে।
সিরিয়ায় সাময়িকভাবে লড়াই বন্ধ করার কথা রয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার এবং বিদ্রোহী গ্রুপগুলোর। তবে ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট এ বিরতির আওতায় নেই।
শুক্রবার মধ্যরাতের মধ্যেই লড়াই বন্ধের ব্যাপারে বিবাদমান পক্ষগুলোর তাদের চূড়ান্ত মত জানানোর কথা রয়েছ। বিদ্রোহীদের মত জানিয়ে এইচএনসি বলেছে, বিরতির সময় সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নামে সিরিয়া সরকার ও এর মিত্রদের লড়াই চালিয়ে যাওয়া উচিত হবে না।
কিন্তু লড়াই বন্ধের এই অন্তিম সময়ে এসেও বিদ্রোহী অবস্থানগুলোতে আগের চেয়েও বেশি বিমান হামলা শুরু করেছে রাশিয়া। আলে্প্পো প্রদেশের পশ্চিমে এবং হোমস প্রদেশের উত্তরে দামেস্কের পূর্বে ইস্টার্ন ঘৌতা এলাকায় ঘন ঘন রুশ বিমান হামলা চলছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
“সচরাচর যে রুশ বিমান হামলা হয় এ হামলা তারও চেয়েও ব্যাপকমাত্রায় চলছে”, বলেন অবজারভেটরির প্রধান রমি আব্দেল রহমান। তিনি বলেন, মনে হচ্ছে জোর হামলা চালিয়ে রাশিয়া এ অঞ্চলগুলোতে যুদ্ধবিরতির আগে বিদ্রোহীদেরকে দমিয়ে রাখতে চাইছে।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, রুশ বাহিনী আইএস, নুসরা ফ্রন্ট এবং অন্যান্য কট্টর দলগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ দলগুলোর ওপর হামলা চালানোর বৈধতা জাতিসংঘ দিয়েছে জানিয়ে তিনি বলেন, “তাদের ওপর নিঃসন্দেহে চূড়ান্ত লড়াই চলবে।”
