মিশরে ‘ধর্মাবমাননার’ অভিযোগে ৩ খ্রিস্টান কিশোরের কারাদণ্ড
ইসলাম ধর্মকে ‘অবমাননার’ অভিযোগে মিশরে খ্রিস্টান ধর্মাবলম্বী তিন কিশোরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
বিবিসি বলছে, একটি ভিডিও ফুটেজে ওই দুই কিশোরকে মুসলিমদের প্রার্থনা নিয়ে উপহাস করতে দেখা যায়।
চতুর্থ এক কিশোরকে একই আদালত কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়।
ওই কিশোরেরা দাবি করেছে, তারা ইসলামিক স্টেটের (আইএস) শিরশ্ছেদের ঘটনাগুলোকে ব্যঙ্গ করেছে, মুসলিমদের নয়।
মুসলিম অধ্যুষিত মিশরে দীর্ঘদিন ধরেই খ্রিস্টান সম্প্রদায় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছে।
মিশরের মধ্যাঞ্চলীয় মিনায়া প্রদেশের বেনি মাজারের আদালত বৃহস্পতিবার এসব দণ্ড ঘোষণা করে।
রায় ঘোষণার সময় আদালত ভবনের চারপাশে কড়া নিরাপত্তা জারি করা হয়েছিল। ওই অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের গাড়ি টহল দেয়।
কিশোরদের আইনজীবী মাহের নাগুইব এই রায়কে ‘অবিশ্বাস্য’ অভিহিত করে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
গেল বছর লিবিয়ায় ডজনেরও বেশি মিশরীয় খ্রিস্টানকে শিরশ্ছেদে হত্যার কিছুদিন পর এপ্রিল মাসে ওই ভিডিওটি অনলাইনে প্রকাশ করা হয়।
কিশোরদের শিক্ষক যিনি ওই ভিডিওটি ধারণ করেছিলেন তাকে পৃথক মামলায় তিনবছরের কারাদণ্ড দেয়া হয়।
সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক ধর্মাবমাননার মামলা হয়েছে।
মিশরে ধর্মাবমাননার দায়ে সর্বোচ্চ পাঁচবছরের কারাদণ্ড ও আর্থিক দণ্ডের বিধান রয়েছে।
মানবাধিকার গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে এই আইন বিলুপ্ত করার দাবি জানিয়ে আসছে।
