২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ায় নিষেধাজ্ঞা প্রস্তাবে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা সম্প্রসারণের খসড়া প্রস্তাবনায় একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 07:59 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

উত্তর কোরিয়ার সর্বশেষ পারমাণবিক অস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে এ শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আগামী দিনগুলোতে নিষেধাজ্ঞার এ প্রস্তাব নিয়ে ভোটাভুটি হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কূটনীতিক বুধবার একথা জানিয়েছেন।

তারা জানান, বেইজিং এবং ওয়াশিংটন খসড়া প্রস্তাবনাটি নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। নিরাপত্তা পরিষদে শিগগিরই এটি উত্থাপন করা হবে।

নিরাপত্তা পরিষদের  ঊর্ধতন এক কূটনীতিক বলেছেন, “এটি একটি বস্তুনিষ্ঠ, দীর্ঘ ও পূর্ণাঙ্গ খসড়া। আগামী কয়েকদিনের মধ্যে এটি গৃহীত হবে বলে মনে করা হচ্ছে। চীন ও আমেরিকা এতে একমত হয়েছে।”

৬ জানুয়ারিতে উত্তর কোরিয়া চতুর্থবারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর পর থেকে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে টানা সাত সপ্তাহের আলোচনার পর তারা চুক্তিতে পৌঁছল।

কূটনীতিকরা জানান, খসড়া ওই প্রস্তাবনায় উত্তর কোরিয়ার বিশেষ কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ আছে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উত্তর কোরিয়ার আণবিক শক্তি শিল্প মন্ত্রণালয় এবং জাতীয় মহাকাশ উন্নয়ন সংস্থা (এনএডিএ) যেখান থেকে উত্তর কোরিয়া এ মাসে রকেট উৎক্ষেপণ করেছে- এ দুটি সংস্থাই নিষেধাজ্ঞার আওতাধীন থাকবে।

বৃহস্পতিবার রাতেই উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার এই খসড়া প্রস্তাবনা নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে জাসিংঘের প্রেস অফিস।