বিচারপতির পদ রিপাবলিকানকেই দিতে চান ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সুপ্রিম কোর্টে বিচারপতির শূন্য পদে একজন মধ্যপন্থি রিপাবলিকানকেই মনোনয়ন দেওয়ার কথা ভাবছেন।
বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন।
কিন্তু রিপাবলিকান-পরিচালিত সিনেটের নেতারা এখনও ওবামার মনোনীত যে কোনও প্রার্থীর নিয়োগ আটকে দেওয়ার ব্যাপারে অটল রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন নেভাদার রিপাবলিকান গভর্নর এবং সাবেক ফেডারেল বিচারক ব্রায়ান স্যান্ডোভাল।
গভর্নর হিসাবে স্যান্ডোভাল মার্কিনিদের বন্দুক রাখার অধিকারের ব্যাপারে রিপাবলিকানদের চিরাচরিত দৃষ্টিভঙ্গিই পোষণ করেন। তবে গর্ভপাতের অধিকারের মতো সামাজিক বিভিন্ন ইস্যুতে তার অনেক বেশি মধ্যপন্থি মনোভাবের কারণে ওবামা তাকে মনোনীত করতে পারেন।
৫২ বছর বয়স্ক ম্যাক্সিকান-আমেরিকান স্যান্ডোভাল ২০১০ সালে গভর্নর নির্বাচিত হওয়ার আগে তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাকে বিচারক নিয়োগ করেছিলেন।
১৩ ফেব্রুয়ারিতে ‘রক্ষণশীল’ হিসেবে পরিচিত বিচারপতি অ্যান্তনিন স্কালিয়া মারা যাওয়ার পর আদালতে শূন্যতা সৃষ্টি হয়। স্কালিয়ার মৃত্যুতে নয় সদস্যের সুপ্রিম কোর্ট বিচারপতি প্যানেলে এখন ৪-৪ সমতা বিরাজ করছে।
শূন্য পদে নতুন বিচারপতি নিয়োগে এই ভারসাম্য নষ্ট হতে পারে আশঙ্কায় রিপাবলিকানরা ওবামার প্রচেষ্টা রুখে দিতে চাইছে।
গত মঙ্গলবার সিনেট মেজোরিটি লিডার মিচ ম্যাককনেল হুমকি দিয়ে বলেছেন, ওবামার মনোনীত প্রার্থী নিয়ে সিনেট কোনও শুনানি কিংবা ভোট কোনওটিই করবে না।
স্কালিয়ার মৃত্যুর পরপরই হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট ওবামা দ্রুতই বিচারপতির শূন্য আসনে একজন প্রার্থী মনোনীত করবেন।
ওদিকে, নতুন বিচারপতি মনোনয়নের সিদ্ধান্ত ওবামার নতুন প্রেসিডেন্টের উপর ছেড়ে দেওয়া উচিত বলে মনে করে রিপাবলিকানরা।
ওবামা এ পদের জন্য একজন রিপাবলিকানকে বেছে নেওয়ার চিন্তা ভাবনা করলেও ম্যাককনেল নিজ অবস্থানে অনঢ় রয়েছেন।
তিনি বলেছেন, ৮ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর যিনি নতুন প্রেসিডেন্ট হবেন তিনিই এ পদে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত নেবেন।
