২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণভোটে পরাজয় মেনে নিলেন মোরালেস

আরও একদফা প্রেসিডেন্ট পদে থাকার জন্য সংবিধান সংশোধনে আয়োজিত গণভোটে পরাজয় মেনে নিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 02:24 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

পরাজয় স্বীকার করে তিনি বলেন, “একটি ছোট্ট লড়াইয়ে হেরেছি, যুদ্ধে হারিনি।”

তিনি বলেন, “আমরা এই ফলাফলকে সম্মান করি। এটি গণতন্ত্রেরই অংশ।”

বিবিসি বলছে, গণভোটে ৯৯.৭ শতাংশ ভোট গণনার পর দেখা যায় ৫১.৩ শতাংশ ভোটার সংবিধান সংশোধন করে মোরালেসকে আর একদফা প্রেসিডেন্ট পদে রাখার যে প্রস্তাব তা বিরোধিতা করেছেন।

আর ৪৮.৭ শতাংশ ভোটার এই প্রস্তাব সমর্থন করেছেন।

একটি চীনা নির্মাণ প্রতিষ্ঠানকে নিজের প্রভাব খাটিয়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠার পর মোরালেসের জনসমর্থনে ভাটা পড়ে। ওই প্রতিষ্ঠানে তার সাবেক বান্ধবী কাজ করছেন।

অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে কীভাবে প্রতিষ্ঠানটি কাজ পেয়েছে তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন মোরালেস।

তিনি এসব প্রচারণাকে ‘নোংরা যুদ্ধ’ বলে অভিহিত করেন।

অল্পের জন্য  চতুর্থবারের মতো দেশ চালনার দায়িত্ব নিতে পারছেন না বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। গণভোটে সামান্য ব্যবধানে হেরে গেছেন তিনি।

সাবেক কোকা পাতা উৎপাদনকারী দেশটির প্রথম আদিবাসী আইমারা সম্প্রদায় থেকে আসা প্রেসিডেন্ট মোরালেস ২০০৬ সালে ক্ষমতায় আসেন।

বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ২০২০ সাল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। সংবিধান সংশোধনে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন পেলে তিনি ২০২৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারতেন।

তবে তিনি এখনো দেশটির জনপ্রিয় ক্ষমতাধর নেতা। তার নেতৃত্বে বলিভিয়া দুই দশকে অর্থনৈতিকভাবে একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছেছে।

কিন্তু এরপরও অনেকেই মনে করেন, তার ১৯ বছল ক্ষমতায় থাকা ঠিক হবে না।

গণভোটে হারলেও উত্তরসূরি নির্বাচনের জন্য পর্যাপ্ত সময় হাতে পাবেন মোরালেস। ভবিষ্যতেও তিনি বলিভিয়ার প্রভাবশালী গুরুত্বপূর্ণ নেতা হিসেবেই থাকবেন।

তার নেতৃত্বে ক্ষমতাসীন সরকারের সমাজতান্ত্রিক নীতি দেশটির দারিদ্র সফলতার সঙ্গে কমিয়ে আনতে সক্ষম হয়েছে।