২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতির জন্য শর্ত দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ কয়েকটি শর্তে যুদ্ধবিরতি করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 09:53 PM

Updated : 12 Apr 2022, 01:28 AM

শর্তগুলো হচ্ছে, লড়াই থিতিয়ে আসার সময়টিকে সন্ত্রাসীরা তাদের সুবিধার্থে কাজে লাগাতে পারবে না  এবং তাদেরকে মদদ দেওয়া দেশগুলোকে এ সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।

সিরিয়ার বিরোধীপক্ষগুলো শনিবার সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা বন্ধ করা এবং অবরোধ তুলে নিয়ে দেশব্যাপী ত্রাণ সরবরাহের পথ সুগম করার শর্তে সাময়িক যুদ্ধবিরতি করতে রাজি থাকার কথা জানানোর পর আসাদ তার বক্তব্য জানালেন।

স্পেনের এল পাইস পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে আসাদ বলেন, “আমরা বলেছি যে, আমরা সামরিক অভিযান বন্ধ করতে প্রস্তুত। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সন্ত্রাসীদেরকে এ পরিস্থিতির সুযোগে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথগুলো বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, যে কোনো যুদ্ধবিরতিতে এ নিশ্চয়তা থাকতে হবে যে, অন্যান্য দেশ, বিশেষ করে তুরস্ক সিরিয়ায় আর কোনও সন্ত্রাসী, যুদ্ধাস্ত্র বা কোনো ধরনের রসদ পাঠাবে না।

 সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত সব বিদ্রোহী দল ও তাদের মিত্র দলগুলোকে সন্ত্রাসী হিসাবে অভিহিত করে দামেস্ক।

সিরিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে ওইসব বিদ্রোহীদলগুলোকে মদদ দিচ্ছে তুরস্ক, সৌদি আরব ও কাতার।