৪৩ বছর পর কারামুক্তি
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ৪৩ বছরের নির্জন কারাবাস থেকে মুক্তি পেয়েছেন কৃষ্ণাঙ্গ অধিকার আদায়ের সংগঠন ‘ব্ল্যাক প্যানথার্স’ এর সাবেক সদস্য আলবার্ট উডফক্স ।
দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় একাকী সেলে বন্দি থাকার পর তাকে মুক্তি দিয়েছে লুজিয়ানা কারাকর্তৃপক্ষ।
১৯৭২ সালের এপ্রিলেকারারক্ষী ব্রেন্ট মিলারকে হত্যার অভিযোগে লুইজিয়ানার অ্যাঙ্গোলা নামে পরিচিত সর্ববৃহৎ কারাগারে একাকী বন্দি ছিলেন উডফক্স ও তার দুই সহযোদ্ধা রবার্ট কিং ও হারম্যান ওয়ালেস।
ওই কারাগারে বন্দি হিসাবে তারা পরিচিত ছিলেন ‘এঙ্গোলা থ্রি’ নামে। তিনজনকেই ব্রেন্ট মিলার হত্যার জন্য অভিযুক্ত করে সাজা দেওয়া হয়। অন্য দুজন ছাড়া পেয়েছেন আগে ২০০১ ও ২০১৩ সালে। সবশেষে মুক্ত হলেন উডফক্স।
ব্রেন্ট মিলার নামের ওই কারারক্ষীকে হত্যার অভিযোগে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে আসা ৬৯ বছর বয়সী উডফক্স অবশেষে হত্যায় সরাসরি জড়িত না থাকার কম অপরাধ মেনে আইনি লড়াইয়ের ইতি টানার পর তাকে মুক্তি দেয়া হল বলে জানিয়েছে বিবিসি।
উডফক্স কারারক্ষীকে হত্যার অভিযোগ স্বীকার না করলেও লুজিয়ানা রাজ্যের সরকারি কৌঁসুলিরা তার অপরাধ প্রমাণে অটল থাকেন। অবশেষে উডফক্স ‘নো কনটেস্ট’ অর্থাৎ, আইনি লড়াই থেকে সরে দাঁড়িয়ে কারামুক্ত হন। তবে আইনি লড়াই থেকে সরে দাঁড়ানোর অর্থ দোষ স্বীকার করে নেওয়া নয় বলেও উল্লেখ করেন তিনি।
মুক্তি পাওয়ার পর উডফক্স বলেন, “যদিও আমি নতুন বিচারে নিজেকে নির্দোষ প্রমাণের অপেক্ষায় ছিলাম, কিন্তু আমার স্বাস্থ্য এবং বয়সের কারণে আইনি লড়াইয়ে না গিয়ে মামলার ইতি টানতে বাধ্য হলাম।’
পুলিশের বর্বরতা ও বর্ণবাদ থেকে প্রতিরক্ষায় ১৯৬৬ সালে গঠিত ‘ব্ল্যাক প্যান্থার্স’ সশস্ত্র কৃষ্ণাঙ্গ আন্দোলনে জড়িত ছিলেন উডফক্স ও ওয়ালেস।
