২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার রাজপথে সিংহ, সতর্কতা জারি

কেনিয়ায় ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে গিয়ে রাজধানী নাইরোবির রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কয়েকটি সিংহ। নিরাপত্তা আতঙ্কে শহরে জারি করা হয়েছে সতর্কতা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 08:28 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

একটি সিংহী ও তার দুই ছানাকে ধরা সম্ভব হয়েছে। আরও দুটো সিংহ আপনা থেকেই নাইরোবি ন্যাশনাল পার্কে ফিরে গেছে। তবে আরও সিংহ রাস্তায় ঘুরছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

শহরের অধিবাসীদেরকে কোনও সিংহ দেখামাত্র ফোনে জানাতে বলা হয়েছে।

শহরের দক্ষিণে জনবহুল কিবেরা বস্তি এলাকায় বড়রাস্তার ধারে ওই ন্যাশনাল পার্কটি অবস্থিত। কেনিয়ার বন্য প্রাণী সংরক্ষণ সংস্থা (কেডব্লিউএস) সিংহ খুঁজে বের করতে দীর্ঘ সময় নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কিবেরার অধিবাসীরা।

সকালের দিকে ওই এলাকার কাছেই দুটো সিংহকে দেখা গিয়েছিল। কতগুলো সিংহ পার্ক থেকে বেরিয়ে গেছে সেটি স্পষ্ট নয়। বন্য প্রাণী বিষয়ক কর্মকর্তারা পার্কে সিংহের সংখ্যা গণনা করে দেখছেন বলে জানানো হয়েছে খবরে।

পার্কের ১৭ স্কয়ার কিলোমিটার এলাকায় থাকে আনুমানিক ৩০ টি সিংহ। কেডব্লিউএস এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, পার্কের কাছের একটি সামরিক ব্যারাকের হাউজিং কমপ্লেক্সের কাছে তিনটি সিংহ পাওয়া গেছে।