২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতি ফিরল ৩০ বছর পর

৩০ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন স্মৃতিশক্তি হারানো কানাডার এক ব্যক্তি। কিন্তু সম্প্রতি  স্মৃতি ফিরে আসায় পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে যাচ্ছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2016, 03:11 PM

Updated : 12 Apr 2022, 01:25 AM

বিবিসি বলছে, অন্টারিও প্রদেশের একটি প্রতিবন্ধী কেন্দ্র থেকে এডগার লাটিউলিপ নামের এই ব্যক্তি ২১ বছর বয়সে নিখোঁজ হন।

লাটিউলিপ একটি বাসে ভ্রমণ করার সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন। পুলিশের ধারণা ডাকাতির শিকার হওয়ার কারণে তার মাথায় আঘাত লাগে এবং তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন।

লাটিউলিপ ভিন্ন পরিচয়ে কয়েক দশক ধরে নায়গ্রা অঞ্চলে বাস করছেন। সম্প্রতি তার স্মৃতি ফিরে আসায় নিজের প্রকৃত পরিচয়ও জানা সম্ভব হয়েছে।

তিনি একজন সমাজকর্মীকে তার নাম জানানোর পর খোঁজ নিয়ে দেখা যায়, নিখোঁজ ব্যক্তিদের  তদন্তে এই নাম রয়েছে।

এরপর ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, তার পরিচয় সঠিক।

নায়াগ্রার আঞ্চলিক পুলিশ কনস্টেবল ফিলিপ গাভিন বলেন, “এ ধরনের একটি ঘটনা টেলিভিশনে দেখেছিলাম। কিন্তু  এমন একটি বিষয়ের অংশ হয়ে যাবো কখনো ভাবিনি।”

তিনি আরো বলেন, “নিঃসন্দেহে এটি বিরল একটি ঘটনা।”

লাটিউলিপের মা অটোয়ার অধিবাসী সিলভিয়া উইলসন এই খবরে সীমাহীন আনন্দিত বলে জানিয়েছেন।

সিলভিয়া উইলসন বলেন, “আমি তার (লাটিউলিপ) সঙ্গে কথা বলতে চাই। যেভাবেই হোক তাকে বের করে নিয়ে আসতে চাই। আমি শুধু তাকে দেখতে চাই।”

উত্তর আমেরিকান মিসিং পারসন নেটওয়ার্ক বলছে, লাটিউলিপের মানসিক বয়স ১২ বছরের বালকের মতো।