উত্তরের সঙ্গে যৌথ শিল্প এলাকা বন্ধ করছে দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা এবং রকেট উৎক্ষেপণের পর দেশটির সঙ্গে যৌথ কায়েসং শিল্প এলাকা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
সিউল বলেছে, শিল্প এলাকার সব কাজকর্ম বন্ধ করে দেবে তারা। এতে করে উত্তর কোরিয়া আর বিনিয়োগের মধ্য দিয়ে তাদের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য তহবিল বানাতে করতে পারবে না।
দুই কোরিয়ার মধ্যে সহযোগিতা টিকে আছে এ কায়েসং শিল্পপার্কের মাধ্যমে। তাছাড়া, এটি পিয়ংইয়ংয়ের জন্য রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎসও।
উত্তর কোরিয়াকে শায়েস্ত করতে জাপান দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপের পর দক্ষিণ কোরিয়ার কায়েসং পার্ক বন্ধের এ সিদ্ধান্ত এল বলে জানিয়েছে বিবিসি।
জাপান উত্তর কোরিয়ার কোনও জাহাজ তাদের বন্দরে ভিড়তে দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এমনকি উত্তর কোরিয়া হয়ে আসা অন্য দেশের জাহাজও বন্দরে ভেড়া নিষিদ্ধ করেছে।
উত্তর কোরিয়া গত রোববার রকেট উৎক্ষেপণ করে। উত্তর কোরিয়া তাদের ছোড়া রকেট ভূ-উপগ্রহ বলে জানালেও প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্র একে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বলে এর নিন্দা জানায়।
এর আগে জানুয়ারিতে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা পরীক্ষা পর থেকেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা বেড়েছে।
দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রী হং ইয়ং-পায়ো সাংবাদিকদের বলেছেন, “আমাদের সব সমর্থন এবং প্রচেষ্টার সুযোগ নিয়ে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়ন করছে।”
উত্তরের সঙ্গে এর আগে একবার দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অবনতি হওয়ার পর ২০১৩ সালে কায়েসং শিল্প এলাকা ৫ মাসের জন্য বন্ধ হয়ে গিয়েছিল।
