২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় স্থল বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি বাহরাইনের

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর অংশ হিসেবে সিরিয়ায় স্থল বাহিনী পাঠানোর প্রতিশ্রুতি দিতে প্রস্তুত বলে জানিয়েছে বাহরাইন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Feb 2016, 02:30 PM

Updated : 12 Apr 2022, 01:22 AM

প্রতিবেশী বৃহৎ দেশ ও ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব একই ধরনের প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর পারস্য উপসাগরের দ্বীপ দেশটিও শুক্রবার একই কথা জানালো। 

যুক্তরাজ্যে নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত শেখ ফাওয়াজ বিন মোহাম্মদ আল খলিফা এক বিবৃতিতে বলেছেন, ‘সৌদি সেনাদের সঙ্গে কাজ’ করার জন্য বাহরাইনের সেনাদের পাঠানো হবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীকে তিনি ‘সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট’ বলে অভিহিত করেন।

সৌদি আরবের কর্তৃত্বাধীন উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) অপর সদস্য সংযুক্ত আরব আমিরাতও সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সৌদি আরব জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিদ্ধান্ত নিলে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যে কোনো স্থল অভিযানে অংশ নিতে তারা প্রস্তুত আছে।

শেখ ফাওয়াজ বলেছেন, সিরিয়ায় সৌদি উদ্যোগের অর্থ হবে আইএস ও ‘নিষ্ঠুর আসাদ জান্তার’ বিরুদ্ধে লড়াই করা।

সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সুন্নি বাদশা শাসিত সৌদি আরব শত্রু বলে বিবেচনা করে।

এছাড়া জিসিসি’র নৌবাহিনীগুলোর একটি সম্মিলিত নৌ অভিযান কেন্দ্র বাহরাইনে স্থাপন করার বিষয়ে জিসিসি সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।