২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরিয়ে নেওয়া হচ্ছে কাত হয়ে থাকা মডার্ন এক্সপ্রেসকে

বিপজ্জনকভাবে কাত হয়ে ফ্রান্স উপকূলের দিকে ছুটে চলা ক্ষতিগ্রস্ত মালবাহী জাহাজ মডার্ন এক্সপ্রেসকে শেষ পর্যন্ত টাগবোটের সঙ্গে যুক্ত করে নিরাপদে সরিয়ে নেওয়ার খবর দিয়েছে দেশটির সমুদ্র পরিবহন কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 05:13 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

সাড়ে তিন হাজার টন কাঠ আর নির্মাণ যন্ত্রপাতি বোঝাই জাহাজটি চালকবিহীন অবস্থায় ৪০ থেকে ৫০ ডিগ্রি কাত হয়ে ফ্রান্স উপকূলের দিকে ছুটছিল। নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে পানামায় নিবন্ধিত জাহাজটি আটলান্টিকে ভেসে ফ্রান্স উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

সমুদ্র পরিবহন কর্তৃপক্ষের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চারজন বিশেষজ্ঞ সোমবার মডার্ন এক্সপ্রেসে একটি টো লাইন আটকাতে সক্ষম হন এবং স্পেনের একটি টাগবোটের সঙ্গে সেটি যুক্ত করেন।

এরপর টাগবোটটি মডার্ন এক্সপ্রেসকে টেনে খোলা সাগরের দিকে নিয়ে যায়। তখন জাহাজটির গতি ছিল তিন নট।

গ্যাবন থেকে পণ্য নিয়ে ফ্রান্সে যাওয়ার পথে ১৬৪ মিটার দীর্ঘ জাহাজটিতে ত্রুটি দেখা দেয় এবং সেটি কাত হতে শুরু করে। কাত হয়ে থাকা জাহাজটি সোজা করতে ব্যর্থ হয়ে গত সপ্তাহেই জাহাজটির ২২ জন নাবিকের সবাইকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।  

এরপর রোববার উত্তাল সাগরে জাহাজের একটি ‘টো লাইন’ ছিঁড়ে গেলে টাগবোট দিয়ে টেনে জাহাজ সোজা করা আরও কঠিন হয়ে পড়ে। বাজে আবহাওয়ার কারণেও উদ্ধার অভিযান ব্যাহত হয়।

ওই জাহাজে প্রায় ৩০০ টন জ্বালানি থাকার কারণে কর্তৃপক্ষের শঙ্কা আরও বেড়েছিল। উপকূলে আছড়ে পড়া অনিবার্য হয়ে উঠলে জাহাজ থেকে তেল সরিয়ে নেওয়ারও প্রস্তুতি নেওয়া হয়েছিল।

পুরনো খবর:

৫০ ডিগ্রি কাত হয়ে জাহাজ ছুটছে ফ্রান্স উপকূলে