৫০ ডিগ্রি কাত হয়ে জাহাজ ছুটছে ফ্রান্স উপকূলে
সাড়ে তিন হাজার টন কাঠ আর নির্মাণ যন্ত্রপাতি বোঝাই একটি ক্ষতিগ্রস্ত মালবাহী জাহাজ চালকবিহীন অবস্থায় ফ্রান্স উপকূলের দিকে ছুটছে।
মডার্ন এক্সপ্রেস নামের পানামায় নিবন্ধিত জাহাজটিকে টেনে বন্দরে নিয়ে যেতে না পারলে সেটি সোমবার রাতে বা মঙ্গলবার ভোরের দিকে আটলান্টিকে ভেসে উপকূলে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
৪০ থেকে ৫০ ডিগ্রি কাত হয়ে থাকা জাহাজটি সোজা করতে ব্যর্থ হয়ে গত সপ্তাহেই জাহাজটির ২২ জন নাবিকের সবাইকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়।
দুদিন আগে উত্তাল সাগরে জাহাজের একটি ‘টো লাইন’ ছিঁড়ে যায়। ফলে টাগবোট দিয়ে টেনে জাহাজ সোজা করা আরও কঠিন হয়ে পড়ে।
ওই জাহাজে প্রায় ৩০০ টন জ্বালানি রয়েছে জানিয়ে একটি ফরাসি পত্রিকা লিখেছে, উপকূলে আছড়ে পড়া অনিবার্য হয়ে উঠলে জাহাজ থেকে তেল সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।
২০০২ সালে তেলবাহী ট্যাংকার প্রেস্টিজ স্পেনের উত্তর উপকূলে ডুবে গেলে প্রায় ৫০ হাজার টন জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়ে, দূষণ ঘটে কয়েক হাজার মাইল এলাকায়।
