২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ বছর পর প্রথম শিশু ওস্তানায়

ইতালির উত্তরাঞ্চলের ছোট শহর ওস্তানায় দীর্ঘ ২৮ বছর পর জন্ম হয়েছে এক শিশুর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 01:44 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

১৯৮০-এর দশকের পর থেকে জনসংখ্যা ক্রমান্বয়ে কমে আসা শহরটিতে এই প্রথম নতুন এক সদস্যের আগমন ঘিরে চলছে বাঁধভাঙা উচ্ছ্বাস আর আনন্দ-উৎসব।   

বিবিসি বলছে, গেল সপ্তায় ইতালির তুরিন হাসপাতালে সিলভিয়া ও জো দম্পতির ঘর আলো করে জন্ম নেয় শিশু পাবলো, যে কিনা শহরটিতে বসবাসকারীদের মধ্যে ৮৫তম সদস্য। 

এই অল্প সংখ্যক বাসিন্দাদের মধ্যে আবার অর্ধেকই বর্তমানে স্থায়ীভাবে অন্যস্থানে থাকার জন্য ওস্তানা ছেড়ে গেছে।

ওস্তানার মেয়র গিয়াকামো লামব্যারডো জানান, ছোট্ট পাবলো এখন তাদের ছোট্ট অধিবাসী সম্প্রদায়ে উৎসবের উপলক্ষ। নতুন এই শিশুর আগমন ‘স্বপ্নকে বাস্তব’ করে তুলেছে। 

১৯০০-এর দশকে ‘এক হাজার জনসংখ্যার ওস্তানা’ নামে পরিচিত মালভূমি অঞ্চলের এই শহরের অধিবাসী সম্প্রদায়ে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জন্মহার কমতে থাকে বলে বিবিসিকে জানিয়েছেন মেয়র।

তিনি বলেন, “এর পর মূলত ১৯৭৫ সাল থেকে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যায়। ১৯৭৬ থেকে ১৯৮৭ সালের মধ্যে আমাদের এখানে মাত্র ১৭ শিশু জন্মগ্রহণ করে। এরপর এখন ছোট্ট পাবলোই আমাদের নতুন সদস্য।”   

নিরাপদ চাকরি, উন্নত জীবনযাপন ও সুযোগ সুবিধার আশায় প্রতিনিয়তই ওস্তানা ছাড়ছেন বাসিন্দারা। তাদের ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান মেয়র।

প্রাথমিকভাবে বাসিন্দাদের মানসম্পন্ন চাকরিসহ সাধ্যমত বিভিন্ন সুবিধার ব্যবস্থা করে দিয়ে জনশূন্যতার এই ধারা পরিবর্তনের প্রয়াস চালাচ্ছে ওস্তানা প্রশাসন।

পাবলোর বাবা-মাও পাঁচ বছর আগে ওস্তানা ছাড়তে চেয়েছিলেন। পরে তাদেরকে চাকরি দিয়ে স্থাযীভাবে ধরে রাখতে সক্ষম হয় স্থানীয় কর্তৃপক্ষ। 

পাবলোর কারণে সিলভিয়া ও জো পরিবারটি এখন উদাহরণ হয়ে গেছে ওস্তানার অন্য পরিবারগুলোর কাছে। ওস্তানায় পাবলোর জন্ম যেন তার অধিবাসী গোষ্ঠির একটি প্রতীক, শিশুটি এখন যেন ওই শহরের প্রবেশদ্বার। 

অন্য পরিবারগুলোও উৎসাহিত হয়ে স্থায়ীভাবে ওস্তানায় থাকতে আগ্রহী হচ্ছে বলে প্রশাসনের ধারণা।

পাহাড়ি সংগঠন ‘দ্য ন্যাশনাল ইউনিয়ন অব মাউন্টেন টাউনস অ্যান্ড কমিউনিটিস’-এর নেতা মার্কো বুসোন ওই দম্পতির উদ্দেশে বলেন, “এটা তাদের নিজস্ব ব্যপার, কিন্তু তারপরও তারা সংখ্যা বাড়িয়েছে।”

জন্মহারের গতি বাড়াতে কর্তৃপক্ষকে বিভিন্ন ছাড় দিতে হবে বলে মনে করেন এই পাহাড়ি নেতা।

তার মতে স্থানীয়ভাবে বসবাসের জন্য ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিতে হবে। আর সেজন্য করছাড় দিয়ে নতুন আইন চালু করতে হবে প্রশাসনকে।