কৌশলগত সম্পর্ক বিস্তারে একমত চীন ও ইরান
নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে চীন ও ইরান।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বর্তমানে ইরানে অবস্থান করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
১৯ জানুয়ারি এ সফর শুরু করেন জিনপিং। এরই মধ্যে তিনি সৌদি আরব ও মিশর সফর করছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, শনিবার দুই দেশের মধ্যে ১৭টি চুক্তি সাক্ষর হয়। যার মধ্যে অতীতের সিল্ক রোড ট্রেড রুট পুনরায় শুরু করা এবং শান্তিপূর্ণ কাজে পারমানবিক শক্তি ব্যবহারে পরষ্পরকে সহযোগিতা সংক্রান্ত চুক্তিও রয়েছে।
দিন শেষে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গেও প্রেসিডেন্ট জিনপিং দেখা করবেন বলে জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব ছয় শক্তির সঙ্গে (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্স) পরমাণু চুক্তির পর ১৬ জানুয়ারি ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বিশ্বনেতাদের মধ্যে জিনপিংই প্রথম ইরান সফরে গেছেন। দীর্ঘ ১৪ বছর পর চীনের কোনো প্রেসিডেন্টের এটা প্রথম ইরান সফর।
টেলিভিশনে সরাসরি প্রচারিত দুই দেশের প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, “আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরপরই প্রেসিডেন্ট শি ইরান সফরে আসায় আমরা খুব খুশি। চীন এবং ইরান আগামী ১০ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বানিজ্য ছয়শো বিলিয়ন ডলারে উন্নিত করার সিদ্ধান্ত নিয়েছে।”
“দুই দেশ কৌশলগত সম্পর্ক স্থাপনের বিষয়ে একমত হয়েছে। এছাড়া ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও ইয়েমেনের সন্ত্রাসী ও চরমপন্থিদের নির্মূ্লে দুই দেশ ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতে রাজি হয়েছে।”
