ইয়েমেনের এডেনে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৪
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে এক গাড়িবোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেডিকেল সূত্রগুলো।
রোববার শহরটির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শালাল আলি শায়েহর বাড়ির সামনে বিস্ফোরণটি ঘটানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নিহত চার রক্ষী শায়েহরের বাড়ির পাহারাদার ছিলেন। এর আগে ৪ জানুয়ারি এই নিরাপত্তা পরিচালকের গাড়ি বহর লক্ষ্য করে আরেকটি গাড়িবোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলা থেকেও রক্ষা পেয়েছিলেন এই ব্রিগেডিয়ার জেনারেল।
সাম্প্রতিক মাসগুলোতে এডেনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক বোমা হামলা চালানো হচ্ছে। কট্টরপন্থি জঙ্গিগোষ্ঠীগুলো সাধারণত এ ধরনের হামলা চালিয়ে থাকে।
সৌদি আরবের সামরিক বাহিনীর সমর্থনে জুলাইয়ে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদির অনুগত সুন্নি বেসামরিক বাহিনীর যোদ্ধারা ইরানসমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের শহরটি থেকে তাড়িয়ে দেয়। তারপর থেকেই এডেনে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।
গেল মার্চ থেকে গৃহযুদ্ধের আগুনে জ্বলছে ইয়েমেন। হুতি বিদ্রোহীদের হাতে রাজধানী সানার পতনের পর এডেনে আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট হাদি। প্রায় পুরো দেশ দখল করে হুতিরা এডেন দখলে উদ্যত হলে হাদি সৌদি আরবে পালিয়ে যান।
অপরদিকে প্রতিবেশী রাষ্ট্র ইরানের প্রভাবে চলে যাচ্ছে শঙ্কায় হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি আরব ও তার নেতৃত্বাধীন পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর জোট বাহিনী।
এই জোট ও হুতিবিরোধী সুন্নি বেসামরিক বাহিনীগুলো মিলে এডেন হুতিমুক্ত করতে পারলেও শহরটিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। হুতিবিরোধী বাহিনীগুলোর মধ্যে ঘাপটি মেরে থাকা জঙ্গি গোষ্ঠীগুলো ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো এখন এডেনের নিরাপত্তা জন্য বড় হুমকি হয়ে দেখা দিয়েছে।
