২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মার্কিন নাগরিক অপহৃত 

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ‘বেশ কয়েকজন’ মার্কিন নাগরিককে অপহরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাগদাদের মার্কিন দূতাবাস। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2016, 02:10 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, “ওই ব্যক্তিদের খুঁজে বের করার জন্য আমরা ইরাকি কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা নিয়ে কাজ করছি।” 

বিবিসি বলছে, ইরাকি নিরাপত্তা সার্কেলগুলো থেকে পাওয়া অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের দক্ষিণাংশ থেকে তিন মার্কিনি ও এক ইরাকি দোভাষীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। 

অবশ্য কতোজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের কোথা থেকে নেওয়া হয়েছে এ বিষয়টি জানাননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

বাগদাদ থেকে এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, শুক্রবার থেকে তিন ঠিকাদার নিখোঁজ রয়েছেন।

“দুইদিন ধরে তাদের তিনকর্মী নিখোঁজ রয়েছেন বলে রোববার অভিযোগ জানিয়েছে একটি কোম্পানি। তারা আমেরিকান ঠিকাদার। আমরা ওই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছি,” বলেন ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জন কিরবি বলেছেন, “বিদেশে আমেরিকান নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা আমাদের সর্বোচ্চ আগ্রাধিকারের বিষয়।” 

এ ঘটনা গুরুতর অপহরণের ঘটনা হলে তা ইরাকের স্থিতিশীলতা এবং অগ্রগতির জন্য বড় ধরনের আঘাত হয়ে দেখা দেবে বলে জানিয়েছেন বিবিসির বাগদাদ প্রতিনিধি।