বুরকিনা ফাসোয় জঙ্গি হামলার অবসান
বুরকিনা ফাসোর একটি হোটেলে জঙ্গি হামলার পর ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় হোটেলটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী।
তবে জঙ্গিদের খোঁজে নিকটবর্তী হোটেল ইয়েবিতে এখনও অভিযান চলছে বলে জানান পশ্চিম আফ্রিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিমন কম্পাওরে ।
কম্পাওরে রয়টার্সকে বলেন, “স্পেলন্ডিড হোটেল এবং নিটকবর্তী কাপুচিনো রেস্তোরাঁয় অভিযান শেষ হয়েছে। ১২৬ জন জিম্মিকে মুক্ত করা হয়েছে, তাদের মধ্যে ৩৩ জন আহত।”
“তিন জঙ্গিকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে একজন আরব ও দুইজন কৃষ্ণাঙ্গ আফ্রিকান।”
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বুরকিনা ফাসোর রাজধানীর ওউয়াগাদোউগুতে অবস্থিত স্পেলন্ডিড হোটেল হামলা হয়।
শনিবার ভোরে কাপুচিনো রেস্তোরাঁ লক্ষ্য করে প্রচণ্ড গোলাগুলি ও বিস্ফোরণের পর অভিযান শেষ হয় বলে জানায় রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি ১৮টি দেশের অন্তত ২৩ ব্যক্তি নিহত হওয়ার খবর প্রকাশ করেছে।
এছাড়া চার হামলাকারী নিহত, যাদের মধ্যে দুইজন নারী বলেও জানিয়েছে বিবিসি।
আল কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) এ হামলার দায় স্বীকার করেছে। এরা জঙ্গি নেতা মুখতার বেল-মুখতারের অনুসারী হতে পারে বলে বিবিসি ধারণা করছে।
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবরে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
গত কয়েক বছরে পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সর্বশেষ গত বছরের নভেম্বরে মালির এক হোটেলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়।
