বর্ষবরণ অনুষ্ঠানে হামলার পরিকল্পনা ছিল ইস্তাম্বুল হামলাকারীর
সৌদিতে জন্ম নেয়া সিরীয় আত্মঘাতী হামলাকারী নাবিল ফাদলি নতুন বছরের শুরুতে তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন।
কিন্তু পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় সিদ্ধান্ত পাল্টে দেশটির সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে হামলা চালান তিনি। মঙ্গলবারের ওই আত্মঘাতী বোমা হামলায় জার্মানির ১০ পর্যটক নিহত হন।
সম্প্রতি তুরস্কের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এসব কথা জানিয়েছেন।
১৯৮৮ সালে সৌদি আরবে জন্মগ্রহণ করেন ফাদলি। সেখানে তার পিতা শিক্ষকতা পেশায় ছিলেন। সিরিয়ায় ফিরে ইসলামিক স্টেটের (আইএস) হয়ে লড়াই করেন তিনি। পরে ধরা পড়েন এবং নির্যাতিত হন, সম্ভবত সিরীয় কুর্দি বেসামরিক বাহিনীর হাতে।
গেল মাসে ফাদলি তুরস্কে প্রবেশ করেন বলে জানান ওই কর্মকর্তারা। ৫ জানুয়ারি ইস্তাম্বুলে সিরীয় শরণার্থী হিসেবে নাম তালিকাভুক্ত করেন। এর এক সপ্তাহ পরই তুরস্কের পর্যটন শিল্প কেন্দ্রে আত্মঘাতী বোম হামলা চালান তিনি।
ইস্তাম্বুলের ব্লু মস্ক ও হাগিয়া সোফিয়ার কাছে সুলতানাহমেত স্কয়ারে ১০ পর্যটককে হত্যা করেন।
এর প্রতিক্রিয়ায় সিরিয়ায় আইএসের অবস্থানগুলো লক্ষ্য করে ট্যাঙ্ক ও কামান দিয়ে ব্যাপক গোলাবর্ষণ করে তুর্কি। প্রয়োজনে আরো হামলা চালানোর কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু।
ফাদলির তৎপরতার বিষয়ে তদন্তে থাকা কর্মকর্তারা জানতে পেরেছ্নে, নতুন বছর উদযাপনে আঙ্কারার একটি স্কয়ারে জড়ো হওয়া মানুষের উপর বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ফাদলি ও তার সঙ্গীরা। কিন্তু হামলার প্রস্তুতির সময় তার দুই সঙ্গী আটক হলে পরিকল্পনা পাল্টে ফেলেন তিনি।
তুরস্কের বা আন্তর্জাতিক ওয়াচ লিস্টে সন্দেহভাজন জঙ্গি হিসেবে ফাদলির নাম না থাকায় তাকে কেউ সন্দেহও করেনি।
জ্যেষ্ঠ একজন তুর্কি কর্মকর্তা বলেন, “তিনি (ফাদলি) যে দলটিতে ছিলেন তারা আঙ্কারায় নতুন বছরের উদযাপনে জড়ো হওয়া মানুষের উপর বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। আঙ্কারার পুলিশ ইউনিটের তৎপরতার পর তিনি সম্ভবত অন্য শহরে অন্য একটি হামলার পরিকল্পনা করেছিলেন।”
আঙ্কারার কিজিলাই স্কয়ারে হামলার প্রস্তুতি নেওয়া দুই আইএস সদস্যকে আটকের কথা ৩০ ডিসেম্বর জানিয়েছিল তুরস্কের সরকারি সূত্রগুলো।
ওই দুজনকে আটকের পর তাদের কাছ থেকে পাওয়া তথ্য ইউরোপের বেশ কয়েকটি দেশকে জানিয়েছিল তুর্কি গোয়েন্দা সংস্থাগুলো। এতে নতুন বছরের প্রাক্কালে সম্ভাব্য হামলায় বিষয়ে সতর্ক হয় ইউরোপের বেশ কয়েকটি দেশ।
