পশ্চিম আফ্রিকা ইবোলামুক্ত
লাইবেরিয়াকে ইবোলা মহামারি মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর মধ্য দিয়ে পশ্চিম আফ্রিকা প্রাণঘাতী ইবোলা রোগ মুক্ত হল।
লাইবেরিয়ায় ৪২ দিন পরও নতুন কোনো ইবোলা রোগী না পেয়ে দেশটিকে ইবোলামুক্ত ঘোষণা করা হয়।
এর আগে গতবছর পশ্চিম আফ্রিকার দেশ গিনি এবং সিয়েরা লিওনকেও ইবোলা মুক্ত ঘোষণা করেছে ডব্লিউএইচও। তবে অঞ্চলটিতে আবারও ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটতে পারে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে।
২০১৩ সাল থেকে এ রোগে পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ১১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
রোগটি সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে পশ্চিম আফ্রিকার তিনটি দেশ লাইবেরিয়া, গিনি এবং সিয়েরা লিওনে। সম্প্রতি দেশগুলোতে ৪২ দিন ধরেও আর কেউ এ রোগে আক্রান্ত না হওয়ায় ডব্লিউএইচও এক বিবৃতিতে পশ্চিম আফ্রিকায় একের পর এক ইবোলা সংক্রমণের অবসান ঘটেছে বলে ঘোষণা করেছে।
কোনো ব্যক্তির শরীরে ইবোলা ভাইরাস প্রবেশ করলে সর্বোচ্চ ২১দিনের মধ্যে রোগের লক্ষণ দেয়া যায়। এর দ্বিগুণ, অর্থাৎ, ৪২ দিনের মধ্যে কোনও নতুন রোগী পাওয়া না গেলে ডব্লিউএইচও দেশটিকে ইবোলা মুক্ত ঘোষণা করে।
লাইবেরিয়াকে এর আগেও দুইবার ইবোলামুক্ত ঘোষণা করেছিল ডব্লিউএইচও। কিন্তু পরে দু’বারই নতুন করে ভাইরাসটির প্রাদুর্ভাব ঘটে। ফলে এবার লাইবেরিয়াকে ইবোলামুক্ত ঘোষণা করাকে সতর্ক সৃষ্টিতেই দেখা হচ্ছে বলে জানিয়েছেন, বিবিসি’র আফ্রিকা বিষয়ক স্বাস্থ্য সংবাদদাতা।
লাইবেরিয়া, সিয়েরা লিওন এবং গিনি তিন দেশেই স্বল্পমাত্রায় হলেও ফের ইবোলা ভাইরাস সংক্রমণ দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে বলেই ধারণা করছে ডব্লিউএইচও।
