২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার ড্রোনে দক্ষিণ কোরিয়ার গুলি

চলমান উত্তেজনার মধ্যে সুরক্ষিত সীমান্ত এলাকায় উত্তর কোরিয়ার ড্রোন (চালকবিহীন বিমান) লক্ষ্য করে গুলি চালিয়েছে (সতর্কতা মূলক) দক্ষিণ কোরিয়ার সেনারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 09:18 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইয়োনহাপ জানায়, সেনারা প্রায় ২০ রাউন্ড গুলি চালানোর পর ড্রোনটি ফিরে যায়।

সম্প্রতি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেয় পিয়ংইয়ং। বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের দেশগুলোতে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

পূর্ব ঘোষণা ছাড়াই পিয়ংইয়ংয়ের এ কার্যক্রম আঞ্চলিক ও আন্তর্জতিক বিশ্বকে ক্ষুব্ধ করেছে।

যদিও উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা চালানোর দাবি নিয়ে অস্ত্র বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে।

উত্তর কোরিয়ার ওই কাণ্ডে ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই পিয়ংইয়ংয়ের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উত্তর কোরিয়ার এ কাণ্ডে আন্তর্জাতিক অঙ্গনের প্রতিক্রিয়া ‘অতীতের তুলনায় অনেকটাই পৃথক হওয়া উচিত’।

চীন উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী মিত্র হলেও চতুর্থবারের মত পারমাণবিক পরীক্ষা চালানোর পর বেইজিং পিয়ংইয়ংয়ের কড়া সমালোচনা করেছে।

যদিও চীনের বিরুদ্ধে অভিযোগ, তারা উত্তর কোরিয়াকে আটকাতে তেমন কোনো চেষ্টাই করেনি।

প্রেসিডেন্ট পার্ক বলেন, “যদি কঠোর হস্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে কি হতে পারে সে বিষয়ে চীন ভালভাবেই অবগত বলে আমার বিশ্বাস। উত্তর কোরিয়ার পঞ্চম বা ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা আটকানোর ক্ষমতা আমাদের হাতে নেই। সেই সঙ্গে কোরীয় উপদ্বীপে সত্যিকারের শান্তি ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি আমরা দিতে পারব না।”

“আমার বিশ্বাস কোরীয় উপদ্বীপে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা আরও খারাপ দিকে যেতে দেবে না চীন।”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও উত্তর কোরিয়াকে আটকাতে চীনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছিলেন।