২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ নাবিকসহ মার্কিন নৌযান আটকেছে ইরান

পারস্য উপসাগরে ইরানি জলসীমায় প্রবেশ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের দশ নাবিকসহ দুটি পেট্রোল বোট আটক করেছে তেহরান।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 10:12 AM

Updated : 11 Oct 2022, 07:35 PM

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত ও বাহরাইনের মাঝামাঝি এলাকায় সাগরে প্রশিক্ষণে থাকার সময় কারিগরি ত্রুটি দেখা দিলে নৌযান দুটি ইরানের জলসীমায় ভেসে যায়।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক জানিয়েছেন, ইরান নৌযান ও নাবিকদের ফেরত দেবে বলে জানিয়েছে। তাদের আপাতত রাখা হয়েছে ফার্সি দ্বীপে।

অন্যদিকে ইরানের বার্তা সংস্থা ফার্স বলছে, মার্কিন নাবিকদের ইরানি জলসীমায় ঘোরাফেরা করতে দেখে রেভোল্যুশনারি গার্ড তাদের আটক করে। আটকদের মধ্যে নয়জন পুরুষ, একজন নারী।   

ওয়াশিংটনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে বিবিসি লিখেছে, নৌযান দুটি কুয়েত থেকে বাহরাইনে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইরানিরাই নাবিকদের ‘নিরাপদে’ থাকার তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঘটনার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা চলছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির পরও দুই দেশের মধ্যে উত্তেজনা খুব একটা কমেনি। 

গত ডিসেম্বরে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক নৌযানের কাছে রকেট পরীক্ষা চালালে ওয়াশিংটনের একজন কর্মকর্তা বিষয়টিকে উসকানি আখ্যায়িত করেন।