২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিলেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার শেষ ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দিয়েছেন। ভাষণে তার কণ্ঠে ছিল ভবিষ্যতের জন্য আশাবাদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 10:09 AM

Updated : 12 Apr 2022, 01:12 AM

বিবিসি বলছে,  ওবামা তার ভাষণে দেশের স্বাস্থ্যখাত সংস্কার এবং কিউবার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের বিষয়টিকে গুরুত্ব সহকারে তুলে ধরেছেন।

ওবামা বলেন, “এই চেম্বারে আমার শেষ ভাষণে শুধুমাত্র নতুন বছর নিয়ে কথা বলতে চাই না। আমি ভবিষ্যতের দিকেও আলোকপাত করতে চাই।”

তার বর্তমান মেয়াদ নিয়ে যেসব নেতিবাচক সমালোচনা রয়েছে ওবামা সেগুলো খণ্ডন করেছেন।

তিনি বলেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী, সবচে টেকসই অর্থনীতি বিদ্যমান।”

নতুন নীতি তুলে ধরার পরিবর্তে ওবামা তার সরকারের কর্মকাণ্ডের সাফাই দেওয়ার দিকেই গুরুত্ব দিয়েছেন।

তিনি আয়ের অসাম্য, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রযুক্তির ব্যবহার এবং কীভাবে জাতীয় নিরাপত্তা বজায় রাখা যায় সেসব বিষয়ের দিকেই আলোকপাত করেছেন।

রাষ্ট্রীয় রাজনীতি ও বিতর্ক নিয়েও তিনি কথা বলেছেন। ওবামা বলেন, “গণতন্ত্রে নাগরিকদের সঙ্গে মৌলিক বিশ্বাসের বন্ধন প্রয়োজন হয়।”

ওবামা তার বক্তব্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষ লক্ষ্যে পরিণত করেছিলেন। তিনি বলেন, “যখন রাজনীতিকরা মুসলিমদের অপমান করেন, যখন একটি মসজিদ পুড়িয়ে দেওয়া হয় কিংবা একটি শিশু নিপীড়িত হয় তখন তা আমাদের নিরাপদ করে না।”

তিনি আরও বলেন, এটা সম্পূর্ণ ভুল...এবং আমরা সবাই একটি দেশ এই চেতনার পরিপন্থি।

সম্প্রতি মুসলিমবিরোধী বক্তব্য দিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প।

ওবামার ভাষণের বেশকিছু অংশ চেম্বারে ডেমোক্রেটদের তুমুল করতালি অর্জন করেছে। এগুলোর মধ্যে রয়েছে:

কলেজগুলোকে সাশ্রয়ী করা।

জাতীয় স্বাস্থ্য সংস্থাগুলোকে নিরাপদ করার জন্য বাইডেন নতুন উৎস বের করেছেন।

নিরাপদ বিদ্যুৎ উৎপাদন তার প্রশাসনের অর্জন।

ইসলামিক স্টেট (আইএস) বিশ্বের অন্যতম বৃহৎ ধর্ম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে না।

সামরিক বাহিনীকে ব্যবহারে নয়া অনুমোদনের জন্য অনুরোধ।

সন্ত্রাসীরা বুঝতে পারছে আমেরিকানদের স্মৃতিশক্তি খুবই প্রখর এবং যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কোনো সীমা মানে না।

এইচআইভি/এইডস নির্মূলে পথের শেষ দিকেই রয়েছি আমরা।

ওবামা তার ভাষণের শেষদিকে বলেন, “আমি পরিবর্তনে বিশ্বাসী কারণ আপনাদের উপর আমি আস্থাশীল।” 

তিনি আরো বলেন, “আমি এখানে সবচে বেশি আত্মবিশ্বাস নিয়ে দাঁড়িয়েছি এ কারণেই যে, আমাদের দ্য স্টেট অব ইউনিয়ন শক্তিশালী।”