শান্তি আলোচনায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সু চি
কয়েক দশক ধরে মিয়ানমারকে বিপর্যস্ত করে রাখা বিদ্রোহের অবসান ঘটাতে আলোচনার জন্য দেশটির সামরিক বাহিনী, আইনপ্রণেতা, বিদ্রোহী নৃ-গোষ্ঠীগুলোর কয়েকশ প্রতিনিধি ও নির্বাচনে বিজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি দেশটির রাজধানীতে হাজির হয়েছেন।
মঙ্গলবার এই প্রতিনিধিদের সামনে সু চির ভাষণ দেওয়ার কথা রয়েছে।
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের ঐতিহাসিক গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়। ফেব্রুয়ারিতে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর মার্চে দেশটির ক্ষমতা গ্রহণ করবে এনএলডি।
বিদায়ী আধা-বেসামরিক সরকারের প্রেসিডেন্ট থেইন সেইন অক্টোবরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে একটি অস্ত্র-বিরতির চুক্তি সই করেন। কিন্তু ১৫টি বিদ্রোহী গোষ্ঠীকে আমন্ত্রণ জানানো হলেও সবচেয়ে শক্তিশালী কয়েকটিসহ সাতটি গোষ্ঠী চুক্তিতে সই করতে অস্বীকার করে।
সেই সময় সরকার পরিচালিত শান্তি প্রচেষ্টার কড়া সমালোচনা করেছিলেন সু চি।
রাজধানী নে পি দোতে আয়োজিত এবারের আলোচনায়ও লক্ষ্য পুরোপুরি অর্জিত হবে না বলেই ধারণা করা হচ্ছে। তবে এর মাধ্যমে বিদ্রোহীদের সঙ্গে ভবিষ্যত এনএলডি সরকার আলোচনার ক্ষেত্র প্রস্তুত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্বায়ত্তশাসন ও অধিক অধিকারের জন্য লড়াইরত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী আশা করছে, আন্তর্জাতিক অবস্থান এবং নির্বাচনী বিজয় সু চিকে দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের মতপার্থক্য দূর করতে সেতু হিসেবে কাজ করতে সহায়তা করবে।
