চীনে চালু হাসপাতাল গুঁড়িয়ে দিল বুলডোজার
চীনে চালু থাকা অবস্থায় এক হাসপাতালের একটি অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি বলছে, এ ঘটনায় হাসপাতালের ভিতরে থাকা চিকিৎসকরা ছোটাছুটি শুরু করেন এবং হাসপাতালটির মর্গে থাকা ছয়টি লাশ ইট-সুঁড়কির স্তূপের নিচে চাপা পড়ে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার হেনান প্রদেশের ঝেংঝু বিশ্ববিদ্যালয়ের চার নম্বর হাসপাতালে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। এতে হাসপাতাল ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় হাসপাতালটির যন্ত্রপাতিসহ ছয় লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাটিতে চীনের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। দেশটিতে প্রায়ই জোর করে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।
হাসপাতালটির চিকিৎসকরা জানান, পরিচয় গোপনক্ষম ইউনিফর্ম পরিহিত কয়েকজন ব্যক্তি হাসপাতালে এসে ভবনটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে শুরু করে।
হাসপাতালটির রেডিওলোজি বিভাগের পরিচালক লিউ চুংগুয়াং জানান, ভবন ভাঙা শুরু হওয়ার সময় তিনি একজন রোগীকে পরীক্ষা করছিলেন।
তিনি বলেন, “একটি গর্ত তৈরি হয়, আর প্রাণের ভয়ে রোগী দৌড়ে পালিয়ে যায়।”
হাসপাতালের রেডিওলোজি বিভাগের যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানান হাসপাতাল কর্মকর্তা য়ুয়ান ফ্যাং।
অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন বলে বলেও জানান তিনি।
