২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস হামলা: পলাতক এক জঙ্গির আস্তানার সন্ধান

ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার পর পালিয়ে যাওয়া এক জঙ্গির আস্তানা খুঁজে পাওয়া গেছে বলেই মনে করছেন বেলজিয়ামের কৌঁসুলিরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 04:00 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

বেলজিয়াম শুক্রবার জানিয়েছে, ১০ ডিসেম্বরে ব্রাসেলসে একটি এপার্টমেন্টে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ বিস্ফোরক, হাতে তৈরি বেল্ট এবং প্যারিসে হামলার পর পলাতক সালাহ আবদেস্লামের আঙুলের ছাপ খুঁজে পেয়েছে।

ওই এপার্টমেন্টটি ভুয়া নামে ভাড়া নেওয়া হয়েছিল। প্যারিসে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যেই কাস্টডিতে থাকা এক ব্যক্তি বাড়িটিতে বাস করত ।

নভেম্বরে প্যারিসে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওই হামলায় ১৩০ জন নিহত হয়।

পুলিশ এখনও ২৬ বছর বয়সী আব্দেস্লামকে খুঁজছে বলে জানিয়েছে বিবিসি। পুলিশের ধারণা, ওই ব্যক্তি বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে বেলজিয়ামে পালিয়ে যাওয়ার আগে প্যারিসে হামলায় অংশ নিয়েছিল।

এই আব্দেস্লামই বেলজিয়ামে ভিডব্লিউ পোলো কার ভাড়া করে বলে ধারণা করা হচ্ছে, যেটি পরে প্যারিসের কনসার্ট হলের কাছে পাওয়া যায়। হামলার আগে সে প্যারিসের বাইরে একটি হোটেলের রুমও ভাড়া নিয়েছিল। তবে হামলায় তার ভূমিকা কি ছিল তা স্পষ্ট নয়। যদিও তার ভাই ব্রাহিম আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে।

প্যারিসে হামলাকারী চক্রের নেতা আব্দেলহামিদ আবাউদও একজন বেলজিয়ান নাগরিক। হামলার ৫ দিন পর পুলিশের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধে সে ও তার কাজিন নিহত হয়।