শার্লি এবদুতে হামলার বর্ষপূর্তিতে ‘আইএস জঙ্গি’ নিহত
ফ্রান্সের বিদ্রুপ ম্যাগাজিন শার্লি এবদুর অফিসে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে রাজধানী প্যারিসেরই এক পুলিশ স্টেশনে হামলার চেষ্টার সন্দেহে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার প্যারিসের উত্তরাঞ্চলের মোম্মাচের কাছে এ ঘটনা ঘটেছে।
সন্দেহভাজন ওই হামলাকারী পুলিশ স্টেশনটির বাইরে ছোট একটি চাপাতি ঘোরাতে ঘোরাতে আল্লাহু আকবর বলে চিৎকার করছিলেন। এসময় পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
তার শরীরে তল্লাশি চালিয়ে এক টুকরা কাগজ পাওয়া গেছে। ওই কাগজে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা এবং আরবিতে হামলার দায়-দায়িত্ব স্বীকারের কথা লেখা আছে।
মুসলিম ধর্মীয় নেতাদের নিয়ে বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রকাশ করায় দীর্ঘদিন ধরেই চরমপন্থীদের নিশানায় থাকা শার্লি এবদুর অফিসের জঙ্গি হামলার বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ প্যারিসের আরেক অঞ্চলে ভাষণ দেওয়ার কয়েক মিনিট পরই এই ঘটনা ঘটে।
গত বছরের ৭ জানুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে শার্লি এবদুর কার্যালয়ে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। তারপর আরও দুইদিন প্যারিস ও আশপাশের এলাকায় বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষ হয়।
গত বছরের ৭ থেকে ৯ জানুয়ারির ওইসব ঘটনায় তিন পুলিশসহ ১৭ জনের মৃত্যুর পর ফ্রান্সে উচ্চ সতর্কতা জারি ছিল। এর মধ্যেই গত নভেম্বরে রাজধানীর এক ফুটবল স্টেডিয়ামসহ চারটি স্থানে আইএস জঙ্গিদের সমন্বিত হামলায় ১৩০ জনের প্রাণহানিতে আরও বাড়ে নিরাপত্তাজনিত উদ্বেগ।
